Sun 15 November 2026
Cluster Coding Blog

হৈচৈ তথ্যসমৃদ্ধ লেখায় অংশুদেব

maro news
হৈচৈ তথ্যসমৃদ্ধ লেখায় অংশুদেব

 মাতৃ দর্শন 

সপ্তম ও শেষ ভাগ

  জড়ের মধ্যে প্রাণ তথা গতির সঞ্চার হলো শিব । এই শিব তাই কেবল পুরুষ দেবতা নয় । জগত প্রকৃতির প্রবাহমানতার উপাদান কারণ।জেগে ওঠার এক অস্পষ্ট আবেদন জাগিয়ে তোলার প্রেরণা। বাঙালি সেই অনুচ্চারিত বাণীতে উজ্জীবিত হয়েছে মাতৃ উপাসনায় ,মাতৃসেবায়,জনসেবায় ও দেশসেবায়। ক্রমে বাঙালি উপলব্ধি করলো এই জড় দেহই মাতৃভূমি। এখানেই কাঙ্ক্ষিত দেবতা বা ব্রহ্ম সুপ্ত। তাকে জাগিয়ে তোলাই এই জীবনের কর্তব্য, তাকেই মাতৃব্রহ্ম বলা হয়েছে ,যা কেবল দৈহিক , মানসিক ও জাগতিক শক্তির সমন্বয়।

        মা 

         মায়ের সঙ্গে পরিচিত হবার আগেই সকলে মাকে জেনে যায়। মানব শিশুর ক্ষেত্রে গর্ভাবস্থার আনুমানিক ২৪ থেকে ২৬ সপ্তাহের মধ্যে শিশুর শ্রবণতন্ত্র সক্রিয় হয়ে ওঠে। এই কারণে মায়ের গলার স্বরের সঙ্গে শিশুর এক গভীর স্নায়বিক ও অনুভূতির বন্ধন তৈরি হয়। মাতৃগর্ভে থাকার সময় থেকে প্রত্যেকটি মানব শিশু মায়ের পঞ্চভূত ও পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত থাকে বলে মা, মাম, মম, মাদার শব্দটি শোনা বা উচ্চারণের মুহূর্তেই মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রক কেন্দ্র অ্যামিগডালা (Amygdala) এবং হিপ্পোক্যাম্পাস (Hippocampus) সক্রিয় হয়। মায়ের কণ্ঠস্বর বা "মা" শব্দের স্মৃতির সঙ্গে জড়িত নিরাপত্তা ও আস্থার অনুভূতি অ্যামিগডালাকে শান্ত করে, যা ভয় বা উদ্বেগের অনুভূতি একলহমায় কমিয়ে দেয়। "মা" শব্দটা শুনলেই মস্তিষ্কে গর্ভের সেই নিরাপদ জলের স্মৃতি ফিরে আসে। শ্রবণ-উৎসের মাধ্যমে "মা" শব্দের ধ্বনি তরঙ্গ কান হয়ে অডিটরি কর্টেক্স (Auditory cortex)-এ পৌঁছায় ১০০ মিলি সেকেন্ডের মধ্যে । এটি দ্রুত মস্তিষ্কের আলফা ও থিটা ওয়েভ (Alpha & Theta brain waves) তৈরি করতে সাহায্য করে, যা গভীর মনোযোগ, কল্পনাশক্তি ও প্রশান্তির প্রতীক। এছাড়া এটি প্রি-ফ্রন্টাল কর্টেক্স (Prefrontal cortex)-কে জাগ্রত করে মানুষের বিচারবুদ্ধি, মানবিক গুণাবলি ও সচেতনতাকে সক্রিয় করে তোলে। ৩০০ মিলি সেকেন্ডের মধ্যে অক্সিটোসিন হরমোন বের হয় - পিটুইটারি থেকে। এটাই ভরসা, আস্থা, বন্ধনের হরমোন। মা শিশুকে কোলে নিলে যা বের হয়, "মা" শব্দ শুনলেও একই হরমোন বের হয়।মায়ের স্বর বা মায়ের সঙ্গে যুক্ত যে কোনো শব্দ মস্তিষ্কে অক্সিটোসিন অর্থাৎ "ভালোবাসা ও আস্থার হরমোন" বাড়িয়ে দেয়। ৬০০ মিলি সেকেন্ডের মধ্যে প্রিফ্রন্টাল কর্টেক্স জেগে ওঠে ।এটি সাহস, সিদ্ধান্ত, কল্পনার জায়গা ।স্মৃতির ভাণ্ডার হিপোক্যাম্পাস জেগে ওঠে ।মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন করটিসলের মাত্রা দ্রুত হ্রাস পায়, ফলে শরীর ও মনে স্বস্তি ফিরে আসে। বাড়ে - উৎসাহ, শক্তি, "আমি পারব" বোধ।" মা" শব্দ উচ্চারণে আস্থা, ভরসা, সাহস, শক্তি, উৎসাহ, কল্পনা সব একসাথে খুলে যায়।"মা" ধ্বনিটির উচ্চারণশৈলী (বিশেষ করে 'ম' কারের অনুনাসিক বা Nasal sound) এক ধরনের প্রাকৃতিক কম্পন তৈরি করে। এই কম্পন ভেগাস নার্ভকে (Vagus nerve) উদ্দীপিত করে, যা হৃদস্পন্দন স্বাভাবিক করে এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে পুরো শরীরে শিথিলতা ও সজীবতা আনে। পিতা বা কর্তাব্রহ্মের 'ওঁ' ধ্বনি মস্তিষ্ককে শান্ত করে শূন্যে নিয়ে যায়। আর মাতৃব্রহ্মের 'মা' ধ্বনি মস্তিষ্ককে জাগিয়ে জীবনে ফিরিয়ে আনে। +

        মাতৃ উপাসক বাঙালি হলেও মাতৃ দর্শন উপলব্ধি সর্বজনীন। পুরাণের কবি ও লেখকদের লেখায় মাতৃ শক্তির গুরুত্ব বর্ণিত হয়েছে। যেমন "শ্রীশ্রী চণ্ডী" ।পৌরাণিক বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী, এই অংশের রচিয়তা হলেন মহান ঋষি মার্কণ্ডেয়। ব্রহ্মা কর্তৃক দেবী মহামায়ার স্তুতির সময় এই ৪নং শ্লোকটি উচ্চারিত হয়েছিল:  

​ত্বয়ৈতদ্ধার্যতে বিশ্বং ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ।

ত্বয়ৈতৎ পাল্যতে দেবি ত্বমৎস্যন্তে চ সর্বদা॥  

      যার অর্থ - হে দেবী, আপনার দ্বারাই এই বিশ্ব ধারণ করা হয়, আপনার দ্বারাই জগৎ সৃষ্টি হয় এবং আপনার দ্বারাই তা পালিত হয়। শেষ পর্যন্ত আপনিই তাকে গ্রাস করেন বা নিজের মধ্যে লয় করেন। অর্থাৎ সৃষ্টি, স্থিতি ও লয়ের সামগ্রিক প্রক্রিয়াকে দেবীর শক্তির প্রকাশ হিসেবে দেখানো হয়েছে। এখানে জীব বিজ্ঞান,সাংখ্য দর্শন মিলে যায়। প্রকৃতি থেকেই সব কিছুর সৃষ্টি। সহজ ভাষায় ধাতু - অধাতুর জাদু। ঠিক এর পরেই ব্রহ্মা বলছেন -

       বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে।

       তথা সংহৃতিরূপান্তে জগতোऽস্য জগন্ময়ে॥

        যার অর্থ এইরকম,হে জগন্ময়ী দেবী, সৃষ্টির সময় আপনিই সৃষ্টিরূপা, পালনকালে স্থিতিরূপা এবং জগতের অন্তিম লয়ের সময় সংহাররূপা। অর্থাৎ সৃষ্টি, পালন, ধ্বংস - বিশ্বপ্রক্রিয়ার তিনটি প্রধান পর্যায়ই তাঁর রূপ হিসেবে কল্পিত হয়েছে। ব্রহ্মা এর পরেই বলছেন -

   মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ।

   মহামোহা চ ভবতী মহাদেবী মহাসুরী॥

    এর অর্থ - আপনিই মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, মহামোহা, মহাদেবী এবং মহাসুরী। ​এই শ্লোকে দেবী মহামায়ার বিভিন্ন মহিমাময় ও প্রচ্ছন্ন রূপের পরিচয় দেওয়া হয়েছে। দেবীকে বিভিন্ন বিশেষণে ভূষিত করে তাঁর অসীম শক্তির প্রকাশ দেখানো হয়েছে ।

​১. মহাবিদ্যা: দেবী হলেন পরম জ্ঞান বা ব্রহ্মবিদ্যাস্বরূপা, যা সাধককে মুক্তি ও আত্মোপলব্ধির দিকে নিয়ে যায়।

২. মহামায়া: যিনি পরম ব্রহ্মের আচ্ছন্নকারী শক্তি— যা দিয়ে তিনি পুরো বিশ্বসংসারকে মোহিত বা চালিত করে রেখেছেন।

৩. মহামেধা: সমস্ত সৃষ্টির ভেতর যে মহান ধারণাশক্তি, প্রজ্ঞা বা বুদ্ধিমত্তা রয়েছে, তা দেবীরই রূপ।

৪. মহাস্মৃতিঃ: অতীত অভিজ্ঞতা ও চেতনার যে সুগভীর শক্তি বা স্মৃতি মানুষের মনে ও সৃষ্টিতে সংরক্ষিত থাকে, তা তিনিই।

৫. মহামোহা: জীবকে সংসারাসক্ত ও মায়াজালে আবদ্ধ রাখার যে প্রবল মোহশক্তি, তা এই দেবীরই মায়া।

৬. মহাদেবী: সমস্ত দেব-দেবীর আদি এবং তাঁদের মূলেও যিনি বিরাজমান, সেই পরম মহাশক্তি।

৭. মহাসুরী: কেবল দেবোদ্দেশ্যেই নয়, প্রলয় বা ধ্বংসের প্রয়োজনে অসুরদের মধ্যেও যে প্রবল পরাক্রম ও শক্তি কাজ করে, তা এই মহাশক্তিরই আরেক প্রকাশ।  

      এখানে তাঁকে কেবল কল্যাণের প্রতীক নয়, জীবনের জটিল শক্তিগুলিরও প্রতীক হিসেবে দেখা হয়েছে। পরের শ্লোকে বলা হয়েছে - 

       প্রকৃতিস্ত্বং চ সর্বস্য গুণত্রয়বিভাবিনী।

       কালরাত্রির্মহারাত্রির্মোহরাত্রিশ্চ দারুণা॥

       এর অর্থ এই রকম - আপনিই সমগ্র জগতের প্রকৃতি এবং তিনটি গুণের—সত্ত্ব, রজঃ ও তমঃ—প্রকাশ ঘটান। আপনিই কালরাত্রি, মহারাত্রি এবং ভয়ংকর মোহরাত্রি। এই শ্লোকে দেবী মহামায়াকে বিশ্বপ্রকৃতির মূল উৎস এবং কালের বিভিন্ন ভয়ংকর ও প্রগাঢ় রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে।

​১. প্রকৃতিস্ত্বং চ সর্বস্য গুণত্রয়বিভাবিনী:

দেবী হলেন সমস্ত চরাচরের মূল প্রকৃতি। তিনি নিজেই সত্ত্ব, রজঃ ও তমঃ— এই ত্রিগুণের উৎপাদিকা এবং বিকাশিকা শক্তি। সমস্ত পদার্থ ও জীবের মধ্য দিয়ে এই তিন গুণ তাঁর দ্বারাই প্রকাশিত হয়।

​২. কালরাত্রিঃ

মহাপ্রলয়ের সময় সমস্ত সৃষ্টি যখন লয়প্রাপ্ত হয়, তখন কালস্বরূপিণী যে ঘোর অন্ধকার বা রাত্রির রূপ ধারণ করে বিশ্বকে গ্রাস করেন, তা হলো 'কালরাত্রি'।

​৩. মহারাত্রিঃ

প্রলয়ের পর বা দুটি কল্পের মধ্যবর্তী সময়ে (মহাপ্রলয়ের পর স্থিতির সময়) সমস্ত সৃষ্টি যখন অবিদ্যমান ও সুপ্ত থাকে, সেই গভীরতম অন্ধকারের স্থিতি বা মোহের সময়কে 'মহারাত্রি' বলা হয়।

​৪. মোহরাত্রিশ্চ দারুণা

সংসারের মোহ ও অজ্ঞানতার অন্ধকারে জীবকে আচ্ছন্ন করে রাখা যে ভীষণ ও তীব্র শক্তি, তা হলো 'মোহরাত্রি'। এই মোহ মানুষের আত্মোপলব্ধির পথ ঢেকে রাখে।

     অসুর দলনে দেবীর আহ্বান, আরাধনা। অপশক্তির হাত থেকে মুক্তি ও পরিত্রাতা হিসাবে শ্রী চণ্ডীর বন্দনা করা হলেও তিনি একক নন । শ্রীশ্রীচণ্ডীর দর্শনে পরম পুরুষ (শিব বা ব্রহ্ম) এবং পরম প্রকৃতি (দেবী মহাশক্তি) আলাদা কোনো সত্তা নন, তাঁরা অভিন্ন।সৃষ্টিতত্ত্বে পুরুষ হলো নিষ্ক্রিয় চেতনাসত্তা এবং প্রকৃতি হলো সক্রিয় সৃজনশীল শক্তি।

        চণ্ডীর বিভিন্ন চরণে দেবীকে ‘ব্রহ্মস্বরূপা’ বলা হয়েছে। সাধনায় যখন জীব বুঝতে পারে যে দৃশ্যমান এই জগৎপ্রকৃতি এবং ভেতরের চেতন পুরুষ আসলে এক এবং অভিন্ন, তখনই প্রকৃত মিলন বা অদ্বৈত জ্ঞান অর্জিত হয়।

     চণ্ডীর একাদশ অধ্যায়ে (নরায়ণী স্তুতিতে) দেবীকে সবকিছুর মূলে দেখা হয়েছে:

বিদ্য়াঃ সমস্তাস্তব দেবি ভেদাঃ স্ত্রিয়ঃ সমাস্তাঃ সকলা জগৎস্নু। ত্বয়ৈকয়া পূরিতমম্বয়ৈতৎ কা কা তে স্তুতিঃ স্তব্যপরা পরোক্তিঃ॥

      এখানে বলা হয়েছে— জগতের সমস্ত নারীই দেবীর এক একটি রূপ এবং চরাচরের সমস্ত জ্ঞান ও সত্তা তাঁর দ্বারাই পূর্ণ। সাধক যখন সাধনার চরম উৎকর্ষে পৌঁছান, তখন তিনি আর নিজেকে প্রকৃতি বা জগৎ থেকে আলাদা মনে করেন না; তিনি উপলব্ধি করেন যে তাঁর ভেতরের আত্মাও সেই মহাশক্তিরই অংশ। এই উপলব্ধিই হলো ব্রহ্মময়ী হয়ে ওঠা ,যেখানে ভেদবুদ্ধি লুপ্ত হয়ে যায় এবং সাধক ও ইষ্ট একাকার হয়ে যান।

         মোটকথা, শ্রীশ্রীচণ্ডীর পাতায় পাতায় অসুর দমন বা শক্তির রূপের আড়ালে সাধকের চেতনায় প্রকৃতি ও পুরুষের মিলন এবং জীব থেকে ব্রহ্মময়ী সত্তায় উত্তরণের শাশ্বত পথ নির্দেশ করা হয়েছে। 

            সুর ও অসুর

            জগতকে একটা দৃশ্যমান জীবন্ত সৌন্দর্য ধরে নিলে তার উৎস কারণ এই বস্তু জগত। একটা মানব জীবনের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। বলা যায় প্রতিটি মানুষ হলো এই জীবন্ত বিশ্বের জীবন্ত একক । সমস্ত জীবের মধ্যে মানুষই বিশ্ব সৌন্দর্যের একক হতে পেরেছে, কেননা সে স্মৃতিশক্তির অধিকারী, চিন্তাশীল ও সৃজনশীল এবং স্বতঃপরিবর্তনশীল । জাগতিক বিভিন্ন ঘটনার প্রভাবে জগত যেমন স্বতঃপরিবর্তনশীল, তেমনি মানুষও নিজেকে পরিবর্তন করতে পারে । প্রতিটি মানুষ জন্ম থেকে জাগতিক জ্ঞান উদয়ের আগে পর্যন্ত তামসিক বা অসুর। তার মধ্যে কুপ্রবৃত্তি, কুকর্ম, কুচিন্তা, আত্মকেন্দ্রিকতা ,ভোগ , লোভ, হিংসা সব পশুসুলভ দিকগুলো বর্তমান থাকে । কেউ কেউ সারাজীবন তামসিক ব্যক্তিগত কর্ম চিন্তায় ও সম্পাদনে কাটিয়ে দেয়। জাগতিক মঙ্গলের চিন্তায় মনন ও কর্ম সম্পাদনের মাধ্যমে ব্যক্তির তামসিক ভাব দূরীভূত হয় । জাগতিক মঙ্গল বা সার্বিক মঙ্গল আসলে নিত্যদিনের নিত্যকর্ম, শুধু সেই কর্ম যেন "আমার সহ অন্য সকলের মঙ্গল হয়" এইদিকে লক্ষ্য রেখে কাজ করলেই তামসিক আমিত্ব বা আমার ভাব কেটে গিয়ে জাগতিক আমিত্ব ভাব ফুটবে, আমার তখন আমাদের হয়ে যাবে ।আর মানুষটা অসুর থেকে সুর বা দেব ভাবে উন্নত হবে। এই দেব ভাবের সঙ্গে কালীভাব যুক্ত হলে জাগবে মাতৃত্ব ভাব । এই মাতৃত্ব ভাবের মধ্যে থেকে জাগতিক মঙ্গলের শক্তি বিকশিত হলে জাগবে শিবত্ব । দেহ ও মনের শক্তির সঙ্গে শক্তিমান শিবত্বের মিশলে জাগবে দেবত্ব। এই দেবত্বই হলো সেই মানবিক গুণ সম্পন্ন মনুষ্যত্ব যা জাগতিক সৌন্দর্যের একক। অসুর বলে জগতে কোনো জাতি নেই , দেবতা বলেও কেউ নেই । এই দেহই অসুর ও সুর - এর সমন্বয়। এখানে জন্ম থেকেই চলছে মহিষাসুরমর্দিনীর পালা ।

        মহিষাসুরমর্দিনী 

 সেই কতদিন আগে ওরাঁও আদিবাসী জনসম্প্রদায় যে চাণ্ডী পূজা প্রবর্তন করেছিল ,সেখানে কোনো অসুর ছিল কিনা বলা কঠিন। প্রায় ৩৫০০ হাজার বছর আগে সুমেরীয় চিত্রশিল্পীর হাতে ধরা পড়ে ছিল মহিষাসুরমর্দিনী রূপ । গুপ্ত যুগে হয়তো সেই সূত্র ধরেই দেবী দুর্গার মূর্তি গড়ে উঠেছিল। কিন্তু কোন কবি কবে দেবী দুর্গার পায়ের তলায় অসুরকে স্থান দিলেন ? অসুর তো মানব সমাজের অপশক্তি, ক্ষতিকারক উপাদান। সুর বা দেবতাদের শত্রু অর্থাৎ সুস্থ ভাবে বাঁচতে চাওয়া , ধার্মিক মানুষের শত্রু । দেবতার দুটো দিক , একটা শুদ্ধ সুস্থ পবিত্র ধার্মিক মানুষ। দ্বিতীয় হতে পারে আধিপত্যকামী শাসক শ্রেণীর কেউ । যার বীরত্ব বেশিরভাগ মানুষের অন্তরে পালিত হয়, নিজে কিন্তু পারে না। তাদের আশা আকাঙ্খা বিশ্বাস তাকে নিয়ে। জানা নেই দ্বিতীয় দেবতারা কতখানি মানুষের আশা আকাঙ্খা পুরণ করতে পেরেছে। তবে প্রথম শ্রেণীর মানুষদের দ্বারা কিছু সম্ভব হয়েছে। দেবতারাই একমাত্র দেব বা দেবীকে আরাধনা করতে পারে। বাকি মানুষ,তারা কারা ? তারা অসুর ? অসুরের ধারণা তো খারাপ,জঘন্য,কদাকার। নির্যাতন , নিপীড়ন,হত্যা তাদের পরিচিত পেশা। মনুষ্য সমাজে এরা নেই , তা নয় । এদের বাইরে যারা আছে ? তারা কারা ? তাহলে কি দেবতার সন্তান দেবতা হয় ? তাহলে তাদের সঙ্গে অসুরদের পার্থক্য নেই ।শাসক,শোষক,ভোগী , আধিপত্যকামীরা অসুর ,তারা দেবতা হতে পারে না,অসুর মিথ অনুসারে। কিন্তু যদি অসুর মিথ্টার পরিবর্তন করে নেওয়া হয় ? প্রত্যেক মানুষের মধ্যে আছে দেব ও অসুর উপাদান । যেই দেবতা সেই অসুর । অসুর তমসাচ্ছন্ন, অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত। সেই রত্নাকর নিজের ভুল বুঝলে বাল্মীকি হয় । মানুষ নিজের ভুল,পাপ, অন্যায়ের, অনৈতিক জীবন থেকে বেরিয়ে আসতে চায় । তাই কখনো কখনো রজঃ গুণে নিজের তমঃ গুণকে শাসন করে । যখন সে নিজের তমঃ গুণকে দূরীভূত করে রজঃকে নিয়ন্ত্রণ করে স্বতঃগুণের অধিকারী হয়ে উঠলে দেবগুণ অর্জন করেন। তখন তিনি মাতৃশক্তির প্রকৃত সাধক হয়ে উঠতে পারেন। এই বিচারে আমরা সবাই অসুর , যারা পারে প্রকৃত মহিষাসুরমর্দিনীর আরাধনা করতে। দেবতা দিয়ে অসুর দলন সম্ভব নয়, অসুর দিয়েও নয় । মানুষই একমাত্র নিজের মধ্যে দেবভাবের জাগরণ ঘটিয়ে নিজের অসুর দমন করতে। মানুষের মধ্যে মাতৃ ব্রহ্ম সম্পর্কে সচেতনতা জন্মালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মেলন ঘটে। তখন দেবভাবে মাতৃ শক্তির জাগরণ ঘটলে নিজের এবং সকলের মঙ্গল প্রতিষ্ঠা পাবে। ব্রহ্ম এক এবং অদ্বিতীয়।

        উপসংহার 

         পৃথিবীতে আদি প্রাণী বলতে সেই এককোষী প্রাণী,যেটি আদি মাতৃকোষ। এই মাতৃকোষ বংশবিস্তারের লক্ষ্যে প্রথমে RNA থেকে DNA সৃষ্টি করেছে তারপর বিপরীত লিঙ্গ সৃষ্টি করে জীব পালন ও আধিপত্য বিস্তারের কাজ ভাগ করে ফেলে। তাহলে DNA সৃষ্টির মূল লক্ষ্য ছিল সংরক্ষণ , বিস্তার এবং আধিপত্য । মাতৃকোষ হলো সেই সজীব বস্তু,যা থেকে পৃথিবীর যাবতীয় জীবন পালন, যাপন এবং নিরাপত্তা বিষয়গুলো নিয়ন্ত্রিত হয় , অর্থাৎ বস্তু বিশ্ব হলো মাতৃ আদর্শ ও উদ্দেশ্য বিশিষ্ট। পিতৃকোষ DNA - ও বস্তু , কিন্তু মাতৃকোষ থেকে সৃষ্টির পর থেকে সে বিস্তারমূলক সংরক্ষণ এর কাজটুকু সেরে নিষ্ক্রিয় হয়ে যায়। বাকি কাজটা মাতৃকোষ অর্থাৎ শ্রমজীবী মানুষেরা পালন করে । বাস্তবে তাহলে প্রয়োজন, অভিযোজন, আধিপত্য, নিয়ন্ত্রণ সব কিছু মাতৃকোষ ধর্মী সজীব বস্তু (দেহ)থেকে উৎপন্ন হচ্ছে। বাস্তবায়নের জন্য পিতৃকোষের সজীব গতিটা প্রয়োজন হয় । এই পিতৃকোষের সজীব গতিটা ভারতীয় দর্শনের ভাষায় ব্রহ্ম। আসলে ধাতু অধাতুর বস্তু-বিশ্ব অসংখ্য আদি মাতৃ কোষ সৃষ্টির মাধ্যমে মাতৃব্রহ্মেরও বীজ গড়ে তুলেছে প্রাকৃতিকভাবে। হয়তো আকস্মিক কিম্বা দীর্ঘ কালীন চাপ,তাপ, বিস্ফোরণ ইত্যাদির প্রক্রিয়ায় পৃথিবীর উপরিতলের রাসায়নিক পরিবর্তনের কোনো এক স্থরে প্রাণের আবির্ভাব ঘটেছে। ধাতু ও অধাতুর মধ্যে এমন কিছু আছে হয়তো এখনো অনাবিষ্কৃত। কেননা পার্থিব ধাতু ও অধাতু থেকে যেমন অ্যামাইনো অ্যাসিডের আবির্ভাব ঘটেছে তেমনি সেই আদি এককোষী মাতৃকোষেও বংশবিস্তারের ইচ্ছা, বেঁচে থাকার প্রবণতা, খাদ্যগ্রহণের জন্য ক্ষুধার অনুভূতি সৃষ্টি হয়েছিল বলেই তো সে DNA তৈরি করেছে। মোটকথা আদি প্রাণ মাতৃকোষেও মনের উপাদান ছিল সুপ্ত ভাবে, সেখান থেকে প্রাকৃতিক নির্বাচনের ধারায় দিনে এবং জিন বাহিত হয়ে উন্নত প্রাণীর মস্তিষ্ক গঠিত হয়েছে। বহু মাতৃকোষের মধ্যে মানুষের মাতৃকোষ অন্যদের তুলনায় বেশি সক্রিয় ছিল বলেই স্মৃতিশক্তি সম্পন্ন মানুষ সৃষ্টি হয়েছে । এই মাতৃকোষের ইচ্ছায় বংশরক্ষা, আধিপত্য প্রবণতা, ব্যক্তিগত সম্পত্তির ধারণা বা অধিকার বোধ এবং ভোগ , লালসা ইত্যাদি বহু ভাববাদী চেতনার মতো ঈশ্বরের চেতনাও সৃষ্টি হয়েছে । সৃষ্টি হয়েছে কুকর্ম ও সুকর্ম, সৃষ্টি হয়েছে অসংখ্য নিয়ম কানুন উপদেশ আদেশ বিধান আইন কানুন ইত্যাদির মতো ঈশ্বরের মহিমা কীর্তনের বহু বহু গ্রন্থ । এত শিক্ষা,এত প্রশংসা, এত গুণকীর্তন যে এর বাইরে যাবার মতো ফাঁক বা অবকাশ রইলো না । কিন্তু নীরবে সকলের অগোচরে ধাতু অধাতুর মাতৃকোষ (দেহ) বস্তু কেন্দ্রিক কাজ চালিয়ে যাচ্ছে। শ্রম জীবন থেমে নেই । উদ্ভাবন থেমে নেই। কেবল কুকর্ম কুচিন্তা কুযুক্তি কুপন্থা ও সুকর্ণ, সুচিন্তা,সুযুক্তি, মঙ্গল পন্থার শেষ নেই। এর কারণ আমাদের অসংখ্য যুক্তি অসংখ্য জ্ঞান অসংখ্য পন্থা বিভ্রান্ত করছে। সহজ পন্থা সহজ চিন্তা আর কেউ করতে পারছে না । জগতে অসংখ্য অসুরের মধ্যে আমিও একটা অসুর - এইটাই ভাবতে পারি না। প্রত্যেকটা মানুষ যদি নিজের অসুর দমন করে সকলের মঙ্গলে আমার মঙ্গল খুঁজতে পারে - তাহলে অর্ধেকের বেশি অসুর নিধন পর্ব শেষ হবে । ক্ষমতা কায়েম রাখার লড়াই থাকবেই,অসুরও থাকবেই । তবে মঙ্গলের পাল্লা ভারী হলে অসুরদের পাল্লা দুলবেই । যে মাতৃকোষের বা মাতৃ ব্রহ্মের ইচ্ছায় মানুষের ভাববাদী মস্তিষ্ক গঠিত হয়েছে, একসময় সেই মাতৃব্রহ্মের ইচ্ছা মস্তিষ্ক সংস্কার সম্ভব হবেই। মানুষের ধ্বংসাত্মক মনোভাব দূরীভূত হবে। পিতৃব্রহ্মের অভিমুখ বদলে দিয়ে মাতৃব্রহ্ম তার কাঙ্খিত জগত গড়ে তুলবেই। নিজেকে জাগিয়ে তোলার মধ্যেই রয়েছে জগত জাগিয়ে তোলার তরঙ্গ। মঙ্গল দুটো হয় না, একটাই - তাহল, আমার সহ অন্য সকলের ভালো। কেননা অন্যের অমঙ্গল ঘটলে আমি রক্ষা পাব না। মানুষ আর যা কিছু নাই বুঝুক, নিজের মঙ্গলটা বুঝতে পারে। অন্যের দ্বারা চালিত না হলে প্রত্যেক মানুষ নিজের মধ্যে নিজে জেগে উঠতে পারে । মাতৃ ব্রহ্মকে জাগিয়ে তোলার জন্য আমাদের জন্ম,আমরা প্রত্যেকেই মানব সভ্যতার সৈনিক।

     দুর্গা- ষষ্ঠি, ১৬ অক্টোবর ২০২৬

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register