- 118
- 0
বৈশাখ'১
তোমার পাশে বসে আছে বৈশাখী পাতা, গত চৈত্রমাস
যে যার প্রিয়তা ছেড়ে গেছে, রেখে সর্বনাশ।
কাছে দূরে থাকা ক্ষণ ভঙ্গুর। দূরত্ব হালখাতাপ্রিয়,
বেড়েছে দেনার দাম-ভালোবাসা, নিজের যত্ন নিও।
দক্ষিণ বুকে স্মৃতি নিদারুণ দাবদাহ, অসহ্য অসুখ
নববৈশাখ, খুব কি নতুন লাগে, ভাঙ্গা হাসিমুখ?
শুভ লাভ কারও কাছে আসে, ক্ষতি কারো কারও।
তোমায় ভেতরে রেখে কে কেমন বাঁচে, জেনে নিও আরও।
এর পরেও নদী পুষে রাখে বুক তোমার নামে
আঁজলা ভরেছে হাত চিঠি, সন্তাপ... নীলখামে।
যারা একেলা চায়ের কাপে কথা পোষে, বারিস কিম্বা ঝড়ে
তারাও অতীতপোড়া। বিস্মৃতি আঁকড়ে বাড়ে।
তোমার পাশে বসে আরও এক বৈশাখ, শুভেচ্ছা প্রিয়...
যদি ভালবাসা থেকে যেতে চায়, একটু যত্ন নিও।
0 Comments.