- 35
- 0
ছোটর দাবি
ইচ্ছেঘুড়ি ওড়াবার আকাশের সীমানা
টেনে ছোট করে দেয় বড়দের নানা 'না' ।
চাপিয়ে শতেক বোঝা তেনাদে বাহানা
করে যে ভীষণ ভারি ওড়বার দুডানা।
ঝর্ণা নৃত্য করে ছোট ছোট উপলে,
তারই চরণ 'পরে সোনা রোদ উজলে।
বিহগেরা গানে গানে গড়ে তোলে মিতালি,
শিশির-মুকুট পরে তৃণ শোনে গীতালি।
ফুলে বসে প্রজাপতি রঙ বোনে ডানাতে,
সুবাসে , সুধাতে সেও খুশি চায় জানাতে।
আরও কত আয়োজন প্রকৃতির আসরে,
শিশুমন সাড়া দেয় তারই এত আদরে ।
বড়োরা ,রেখো না বেঁধে ছোটদের শাসনে,
ওরা চায় ধরা দিতে আলোকের বাঁধনে।
ফুটি ফুটি ফুলগুলি ঝরে যদি অকালে,
ওদের অবস্থা দেখে কাঁদে রবি সকালে।
তোমরা চাও যদি ছোটদের বাঁচাতে,
ঢেলো না তাদের নিজ চাহিদার ছাঁচেতে ।
নামাও গো কাঁধ থেকে ওর ভারি বোঝাটি,
যেথা খুশি যাক ভেসে সাদা মনভেলাটি।
ঝর্ণা পূর্ণ হয় সাগরেতে মিলনে ,
ছোটরা পূর্ণ হয় বাধাহীন চলনে ।
0 Comments.