- 3
- 0
ভালোবাসা খুঁজে নিতে পারো
ভালোবাসা খুঁজে নিতে পারো
যখন ইচ্ছে যেমন করেই চাও
হয়তো জ্যোৎস্নার প্রতিটি বিন্দু বিন্দু প্রশ্বাসকে বুকে নিয়ে
আবার আঁধারের অযাচিত গীতিআলেখ্যর নিবিড়তা নিয়ে
তারপরও কর্মমুখর দিন গড়ায় একটু একটু করে খুচরো সুখ ছড়াতে ছড়াতে
তারপরও ভালোবাসা খুঁজে নিতে পারো
হৃদয়ের এ গলি ও গলি পেরিয়ে বাঁদিকের শান্ত ঠিকানায় নিঃশব্দ কোন সন্ধ্যায়
তারপরও কোন ইতিবাচক গল্প রাখো শিশির ঝরানো পদ্মপাতায়
যেখানে টুপটুপ করে ঝরে পড়ে ভালবাসারা মুহূর্তের গায়ে গোপন কোনো কৌতুহল বুকে নিয়ে
দেখো তারাখসা সন্ধ্যায় মুখোমুখি অপেক্ষা করে কিছু নিরব সংলাপ
তারপর ঘরের নিষ্পৃহ কোণে ছড়িয়ে ছিটিয়ে থাকে কিছু অগোছালো স্মৃতি
যাকে নিয়ে রাত তার প্রহরকে জাগিয়ে রাখতে চায় বারবার
একটু স্পর্শ সুখে তারাও হয়তো বলতে পারে বিগত দিনের কিছু না বলা কথা
সেখানেও চাইলে তুমি ভালোবাসা খুঁজে নিতে পারো
শুধু একটা শর্তহীন মন থাকা চাই
নেহাত তুচ্ছ যে ফুল
ফুটে থাকে পথের করুণ তাচ্ছিল্যে
যার কোন নাম নেই
নেই কোন পূর্ব পরিচয়
তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে
যদি একবার বলা যায়
তুমি সুন্দর۔۔۔۔
তবে সেখানেও তুমি ভালোবাসা খুঁজে নিতে পারো
শুধু একটা শর্তহীন মন থাকা চাই।
0 Comments.