Thu 16 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় বৃন্দাবন মণ্ডল

maro news
T3 - নববর্ষ সংখ্যায় বৃন্দাবন মণ্ডল

রবীন্দ্র-প্রজ্ঞার উৎস সন্ধানে


মাঝ সমুদ্রে সুউচ্চ লাইট হাউজ যেমন নাবিককে বহুদূর পর্যন্ত নিশানা দেয় তেমনি সুগভীর ও সর্বব্যাপী রবীন্দ্রপ্রতিভা দেড় শতাধিক বছর পর আজও আমাদের দিকনির্দেশ করে। তাঁর এই বিস্ময়কর ঋষিসুলভ প্রজ্ঞার উৎস গবেষণার বিষয়বস্তু। রবীন্দ্রপ্রতিভার সবকিছুর মূলে আছে একটি দার্শনিক বোধ। যে দর্শন বিশ্ব প্রকৃতির সাথে মানব প্রকৃতির এক অচ্ছেদ্য সম্পর্কে বিশ্বাস করে। বর্তমান নিবন্ধে তার সমস্ত চিন্তাভাবনা ও কর্মের মধ্যে আমরা এই বিষয়টি অনুসন্ধানে ব্রতী হব।

রবীন্দ্রনাথের দর্শন : প্রকৃতি ও অধ্যাত্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতিবাদ (Naturalism) কেবল একটি সাহিত্যিক অলঙ্কার নয়, বরং এটি তাঁর জীবনদর্শনের এক অবিচ্ছেদ্য অংশ। রবীন্দ্রনাথ প্রকৃতিকে একটি নিস্প্রাণ বস্তু হিসেবে দেখেননি, বরং তাকে একটি ‘জীবন্ত সত্তা’ যাকে তিনি 'আধ্যাত্মিক প্রকৃতি' হিসেবে বিবেচনা করেছেন। তিনি ‘গভীর বাস্তুসংস্থান’ (Deep Ecology) ভাবনায় বিশ্বাসী ছিলেন, বিপরীতে আধুনিক বিজ্ঞান ইকোলজি বলতে একটি চুক্তিভিত্তিক কেজো সম্পর্ক বোঝায়। তাঁর প্রকৃতিবাদের প্রধান উৎস হল উপনিষদের অদ্বৈতবাদী দর্শন, যা শেখায় যে মহাবিশ্বের সমস্ত উপাদান পরস্পর সংযুক্ত এবং এক সার্বত্রিক চেতনার অংশ (All pervading consciousness)। এই একত্ব বা ঐক্যের সুরটিই ধ্বনিত হয়েছে তাঁর সৃষ্টিতে এবং বহু বিস্তৃত কর্মধারায়। এই আধ্যাত্মিক সংযোগই রবীন্দ্র-চেতনার মূল চালিকাশক্তি। তাঁর ‘সাধনা’ গ্রন্থে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে উপনিষদ হল ভারতীয় দর্শনের উৎস এবং আধ্যাত্মিক ও নান্দনিক চিন্তার প্রাচীনতম দার্শনিক দলিল। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে আমাদের প্রকৃত প্রকৃতি বোঝার মাধ্যমেই (আত্মপোলব্ধি) আমরা আমাদের সত্তার মূলে থাকা আনন্দ এবং শান্তি খুঁজে পেতে পারি। অর্থাৎ, অন্তঃপ্রকৃতি ও বাহ্যপ্রকৃতির মিলন। ‘সাধনা’ গ্রন্থে তিনি লিখেছেন, “যখন মানুষ প্রকৃতির সঙ্গে তার আত্মীয়তা অনুভব করে না, তখন সে এক মানসিক কারাগারে বন্দি হয়ে পড়ে।”

শিক্ষাদর্শনের নব দিগন্ত: প্রাতিষ্ঠানিক খাঁচা থেকে মুক্তি

প্রকৃতির কোলে শিশুর স্বতঃস্ফূর্ত ও আনন্দময় আত্মপ্রকাশই হলো রবীন্দ্র-শিক্ষার মূল কথা। তিনি কোনো প্রকার যান্ত্রিক শৃঙ্খলার চেয়ে প্রকৃতির স্বাভাবিক নিয়মকে বেশি গুরুত্ব দিতেন। প্রকৃতির স্বাধীনতা ও সারল্যের একমাত্র প্রতিশব্দ শিশুমন। প্রকৃতির ছন্দ সব চেয়ে বেশি অনুরণিত হয় শিশু মনে। তিনি মনে করতেন, প্রকৃতির মধ্যে যে সৃষ্টির সুর, সৌন্দর্য এবং জীবনবোধ রয়েছে, তা শিক্ষার্থীর অন্তর্দৃষ্টি ও সৃজনশীলতা বিকাশে অপরিহার্য। সংগীত, চিত্রশিল্প ও নৃত্য হল প্রকৃতির ছন্দেরই প্রতিফলন এবং শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান। তাঁর শিক্ষাদর্শনকে “ভাববাদ ও প্রকৃতিবাদের সমন্বয়” হিসেবে অভিহিত করা হয়। তিনি রুশোর মতো শিশুকে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন, কিন্তু সেই স্বাধীনতা ছিল আধ্যাত্মিক মূল্যবোধ ও সেবার দ্বারা নিয়ন্ত্রিত। প্রাচীন তপোবনের মত শান্তিনিকেতনের আম্রকুঞ্জ বা মুক্ত আকাশই ছিল তাঁর আদর্শ শ্রেণিকক্ষ। প্রকৃতির নিবিড় এই সান্নিধ্য, ‘বৃক্ষরোপণ’ ও ‘হলকর্ষণ’ উৎসবের মাধ্যমে প্রকৃতির সাথে শিশুর আত্মিক সম্পর্ক রচনা করার প্রয়াস করেছেন। তাঁর শিক্ষা পদ্ধতি আধুনিক শিক্ষাবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

গীতাঞ্জলি: ধুলোমাটি আর মানুষের প্রকৃতি

রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের পর্যায়ক্রমিক বিবর্তন বিশ্লেষণ করলে দেখা যায়, শৈশবের ‘বনফুল’ বা ‘কবিকাহিনী’ থেকে শুরু করে পরিণত বয়সের ‘বলাকা’ পর্যন্ত প্রকৃতির চিত্রায়ন এক মহাজাগতিক সত্যের অন্বেষণে ব্রতী হয়েছে। “আমায় কী কী দিতে হবে সে তো আমি জানি,” গীতাঞ্জলির এই আত্ম নিবেদনের সুরটি আসলে বিশ্ব প্রকৃতির সাথে একত্ব অনুভবের আকুতি। তিনি ‘সীমার মাঝে অসীম তুমি’র গান প্রকৃতির রূপ-রস-গন্ধের মাধ্যমেই অসীমকে স্পর্শ করার এক নিরন্তর চেষ্টা। তাঁর গানে ‘অন্তরতম’, ‘পরাণসখা’ বা ‘জীবননাথ’ সম্বোধনগুলো আসলে সেই পরমাত্মার প্রতি, যা তাঁর প্রকৃতির অন্যরূপ।অসীমের সাথে মিলনের রূপটি শুধুমাত্র তাত্ত্বিক দর্শন ছিল না। তাঁর একটি প্রয়োগ ক্ষেত্র ছিল মানুষের সাথে মানুষের মিলন। তিনি লিখেছেন যে দেবতা বদ্ধ ঘরে নেই, তিনি আছেন যেখানে “রৌদ্র ধূলায় চাষা আর শ্রমিকের মাঝে”। একক মানুষ অপূর্ণ, অনেকের সাথে মিলনেই তার পূর্ণতা। মানব মনের এই স্বাভাবিক গতি প্রকৃতিবাদেরই অংশ যা প্রকাশ পেয়েছে পল্লীপুনর্গঠনের মাধ্যমে। তিনি বিশ্বাস করতেন যে, বাইরে থেকে সাহায্য চাপিয়ে দারিদ্র্য দূর করা সম্ভব নয়; বরং মানুষের মধ্যে ‘আত্মশক্তি’ ও ‘পারস্পরিক সহযোগিতা’র বোধ জাগিয়ে তুলতে হবে। এই চিন্তা থেকেই তিনি সমবায় ব্যাংক এবং 'ধর্মগোলা'র ধারণা প্রবর্তন করেন। তাঁর এই বিকেন্দ্রীভূত অর্থনীতির মডেল আজও ভারতের পঞ্চায়েত ব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পের জন্য এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশক।

প্রকৃতির বিজ্ঞান: যুক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধন

বিজ্ঞান বলতে আমরা সাধারণত আধুনিক বিজ্ঞানকে বুঝি, যেমন নিউটনের সূত্র। আমাদের চিন্তাভাবনার পদ্ধতি এই বিজ্ঞান দ্বারা প্যাটার্ন্ড, কারণ আমাদের মোটা দাগের বাস্তব জীবনের কার্যকলাপ ব্যাখ্যা করা যায়। কিন্তু এর বাইরেও বিজ্ঞান আছে, যেমন যোগবিজ্ঞান, হোমিওপ্যাথ ইত্যাদি। বিভিন্ন দর্শনগুলিও জীবনের ব্যাখ্যাকারী বিজ্ঞান, যেমন মনোবিজ্ঞান। বুদ্ধ বেদান্তও এক অর্থে মনোবিজ্ঞান যেহেতু মনের মধ্যেই সব কিছু।রবীন্দ্রনাথের মধ্যে এই সমস্ত বিজ্ঞানের মেলবন্ধন ঘটেছিল যা বিজ্ঞান চিন্তার জগতে এক নতুন মাত্র যোগ করেছে।

১৯৩৭ সালে প্রকাশিত রবীন্দ্রনাথের ‘বিশ্ব-পরিচয়’ গ্রন্থটি আধুনিক পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের গভীর জ্ঞানের পরিচয় দেয়। তিনি বিজ্ঞানকে কেবল যান্ত্রিক তথ্যের সংকলন হিসেবে দেখেননি, বরং বিজ্ঞানের মধ্য দিয়ে মহাবিশ্বের এক অন্তর্নিহিত ঐক্যের সন্ধান করেছিলেন।

আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে তাঁর সখ্য এই বিজ্ঞানভাবনাকে আরও শাণিত করে। তাঁরা উভয়েই বিশ্বাস করতেন যে বিজ্ঞান ও দর্শনের লক্ষ্য অভিন্ন—বিশ্বের অন্তর্নিহিত ঐক্য খুঁজে বের করা। বসুর আবিষ্কারের মধ্যে রবীন্দ্রনাথ ভারতীয় দর্শনের সেই প্রাচীন সত্যকে খুঁজে পেয়েছিলেন, যা বলে—জড় ও চেতনার মধ্যে কোনো অলঙ্ঘনীয় দেওয়াল নেই। এই পর্যায়ে এসে, বিজ্ঞান হাত ধরতে পারে দর্শনের।

কোয়ান্টাম বিজ্ঞানে 'তরঙ্গ-কণা দ্বৈতবাদ' (Wave-Particle Duality) একটি কেন্দ্রীয় ধারণা। কোনো কণা পর্যবেক্ষণ করার আগ পর্যন্ত তা একটি গাণিতিক তরঙ্গ বা 'পসিবিলিটি ক্লাউড' হিসেবে থাকে। কিন্তু পর্যবেক্ষণের সাথে সাথে সেই তরঙ্গটি ভেঙে একটি নির্দিষ্ট কণায় পরিণত হয় (Wave Function Collapse)। শ্রোডিঙার এই বৈজ্ঞানিক ঘটনাকে উপনিষদের 'মায়া' বা বিভ্রমের সাথে তুলনা করেছেন। তাঁর মতে, প্রকৃতির প্রকৃত রূপ হলো অখণ্ড ও তরঙ্গায়িত, কিন্তু আমাদের সীমাবদ্ধ পর্যবেক্ষণ তাকে খণ্ড খণ্ড রূপে বা বস্তুরূপে প্রকাশ করে।

১৯২৯ সালে রবীন্দ্রনাথের সাথে হাইজেনবার্গের একটি দীর্ঘ আলোচনা হয়, শ্রোডিঙারের সমসাময়িক হাইজেনবার্গ 'অনিশ্চয়তা নীতি' (Uncertainty Principle)-র মাধ্যমে দেখিয়েছিলেন যে প্রকৃতিকে বোঝার বা পরিমাপ করার একটি ন্যূনতম সীমা আছে—কোনো অণু-পরমাণুর অবস্থান এবং ভরবেগ একই সাথে নিখুঁতভাবে জানা অসম্ভব। হাইজেনবার্গ স্বীকার করেন যে ভারতীয় দর্শন তাঁকে এই 'অনিশ্চিত' প্রকৃতিকে মেনে নিতে সাহায্য করেছে। রবীন্দ্রনাথ ও শ্রোডিঙার—উভয়েই মনে করতেন যে বিজ্ঞানের লব্ধ জ্ঞান বা 'অর্জিত সীমা' (Minimum achievable limit) কেবল তথ্যের আদান-প্রদান করে। কিন্তু প্রকৃতির প্রকৃত স্বরূপ বুঝতে হলে মানুষকে সেই সীমার ঊর্ধ্বে উঠে 'বোধ' বা অনুভবের স্তরে যেতে হয়। প্রকৃতিকে বোঝার সেই “ন্যূনতম সীমা” হলো আমাদের নিজস্ব চেতনা—যেখানে পৌঁছে জগত এবং মানুষ একাকার হয়ে যায়।

রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনার একটি অনন্য দিক ছিল ১৯৩০ সালে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে তাঁর ঐতিহাসিক কথোপকথন। আইনস্টাইন যেখানে বস্তুনিষ্ঠ সত্যে (Objective Truth) বিশ্বাসী ছিলেন, রবীন্দ্রনাথ সেখানে দাবি করেছিলেন যে সত্য মানুষের চেতনার বাইরে থাকতে পারে না। আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের ‘পর্যবেক্ষকের ভূমিকা’ (Observer Effect) আজ রবীন্দ্রনাথের সেই আধ্যাত্মিক যুক্তিকেই সমর্থন যোগাচ্ছে। আসলে জগত আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য রূপের বাইরে অনেক গভীর; আমাদের চেতনা কেবল সেই সত্যের একটি বিশেষ রূপ বা 'আভাস' মাত্র দেখে। রবীন্দ্রনাথ ও আইনস্টাইনের এই সংলাপ প্রমাণ করে যে, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা পরস্পরবিরোধী নয়, বরং সত্য উপলব্ধির দুটি পরিপূরক পথ।

বিজ্ঞান প্রসঙ্গে বেদান্তের অবতারণা ব্রহ্মবাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা করা নয়, বিশ্বরহস্য অনুধাবনে বেদান্তের দর্শন বিজ্ঞানীদের চমৎকৃত করেছিল এবং প্রকৃতির অপার রহস্য মেনে নিতে সাহায্য করেছিল। যদিও দুই পথের অনুসন্ধানের পদ্ধতি ও উপলব্ধি সম্পূর্ণ আলাদা।

রাশিয়ার সমাজতন্ত্র: মোহ ও মোহভঙ্গ

১৯৩০ সালে রবীন্দ্রনাথের সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ তাঁর রাজনৈতিক চিন্তায় এক নতুন মাত্রা যোগ করে। ‘রাশিয়ার চিঠি’-তে রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থাকে প্রশংসা এবং সমালোচনাও করেছিলেন। সোভিয়েত ইউনিয়নে তিনি সাধারণ মানুষের জীবনে দ্রুত পরিবর্তন দেখে বিস্মিত হন। বিশেষত গণশিক্ষার ব্যাপক প্রসার তাঁকে মুগ্ধ করেছিল—অল্প সময়েই নিরক্ষর জনগণ শিক্ষার আলো পায়। শ্রমজীবী মানুষের আত্মমর্যাদা, শ্রেণিভেদ কমানোর প্রচেষ্টা এবং পুঁজিবাদের শোষণমুক্ত সমাজ গঠনের উদ্যোগ তাঁর প্রশংসা কুড়ায়। পাশাপাশি, জনস্বাস্থ্য উন্নয়ন ও কৃষি-শিল্পে বিজ্ঞানের প্রয়োগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। বিভিন্ন জাতি ও ধর্মের মধ্যে সম্প্রীতির পরিবেশও তাঁকে আকৃষ্ট করে।

তবে তিনি এই ব্যবস্থার সীমাবদ্ধতাও দেখেছিলেন। বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে সমাজ পরিবর্তনের পথ তিনি মেনে নিতে পারেননি। মতপ্রকাশের স্বাধীনতার অভাব এবং রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ তাঁকে উদ্বিগ্ন করে। তাঁর মতে, সমষ্টিগত কল্যাণের নামে ব্যক্তিস্বাধীনতা দমন করা উচিত নয়। জবরদস্তিমূলক শাসন দীর্ঘস্থায়ী বা নৈতিক হতে পারে না। তাই তিনি এই সমাজতান্ত্রিক প্রয়াসকে এক “বিস্ময়” বললেও সতর্ক করেন—ব্যক্তিস্বাধীনতা বিসর্জন দিলে প্রকৃত মানবমুক্তি অসম্ভব। সমাজতন্ত্রের নামে যেখানে প্রকৃতির স্বাভাবিক ছন্দ ব্যাহত সেখানেই তিনি আপত্তি তুলেছেন।

জাতীয়তাবাদ ও বিশ্বনাগরিকতা

রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান বক্তব্য ছিল উগ্র জাতীয়তাবাদের সমালোচনা। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে “আধ্যাত্মিক আত্মহত্যা” বলেছেন। তাঁর মতে এই ধরনের জাতীয়তাবাদ মানুষকে মানবতা থেকে বিচ্ছিন্ন করে। যখন “জাতি” সর্বোচ্চ মূল্য হয়ে ওঠে, তখন মানুষ অন্য জাতির প্রতি বিদ্বেষ, হিংসা ও প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, মানুষ যখন জাতীয়তাবাদের নামে যান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে ব্যবহৃত হয় তখন তার স্বাধীন চিন্তা, সৃজনশীলতা ও নৈতিক বোধ বাধাপ্রাপ্ত হয়। তিনি জাতীয়তাবাদকে একটি যান্ত্রিক সংগঠন (machine) হিসেবে দেখেছিলেন, যেখানে মানুষ ব্যক্তিত্ব হারিয়ে রাষ্ট্রের স্বার্থে ব্যবহৃত হয়। তৃতীয়ত, জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদী যুদ্ধ ও দখলদারিত্বকে প্রাধান্য দিলে তা মানব সভ্যতার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। জাতীয়তাবাদের বিপরীতে তিনি ‘রুটেড কসমোপলিটানিজম’ (Rooted Cosmopolitanism) বা ‘মূলসংলগ্ন বিশ্বজনীনতা’র কথা বলেছেন—যেখানে একদিকে নিজের সংস্কৃতি-শিকড়ের সাথে গভীর যোগ, অন্যদিকে সারা বিশ্বের জন্য হৃদয়ের জানালা অবারিত।

পরিবেশ ও গভীর বাস্তুসংস্থান: যন্ত্রসভ্যতার সমালোচনা

সারা পৃথিবী যখন শিল্পবিপ্লব ও নগরায়ণের উন্মাদনায় মেতেছিল, দূরদর্শী রবীন্দ্রনাথ তখন প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাঁর জীবনদর্শন 'আধ্যাত্মিক প্রকৃতিবাদ', এখানে বাস্তব রূপ পেয়েছে। তিনি ‘গভীর বাস্তুসংস্থান’ (Deep Ecology) ভাবনার প্রবক্তা ছিলেন, যেখানে প্রতিটি বৃক্ষ ও লতা এক একটি নৈতিক সত্তা। সেখানে মানুষ প্রকৃতির অধিপতি নয় বরং তার একজন সচেতন অংশীদার। তাই তাঁর সাহিত্যকর্মে প্রকৃতি এক সজীব চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। ‘মুক্তধারা’ এবং ‘রক্তকরবী’ নাটকের মাধ্যমে তিনি যন্ত্রসভ্যতার লোভ ও প্রকৃতির ওপর মানুষের আধিপত্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 'মুক্তধারা' নাটকে ঝরনার ওপর বাঁধ নির্মাণ করে জলধারাকে রুদ্ধ করার প্রচেষ্টা আসলে প্রকৃতির স্বাভাবিক গতিকে রুদ্ধ করার রূপক। অন্যদিকে, 'রক্তকরবী' নাটকটি যান্ত্রিক সভ্যতার ‘লোভ’ ও ‘শোষণ’কে তুলে ধরে। মাটির নিচে খনিজ সম্পদের জন্য মানুষের যে হাহাকার, তা শেষ পর্যন্ত মানুষের আত্মিক মৃত্যুই ঘটায়। নন্দিনী চরিত্রটি এখানে প্রকৃতির সহজ ও অদম্য প্রাণের প্রতীক, যে যান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে। আমরা শুনতে পাই তার সাবধানী কণ্ঠ, আধুনিক সভ্যতার মূলে রয়েছে মানুষের দম্ভ, লোভ এবং ক্ষমতার আকাঙ্ক্ষা, যা তাকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে। তিনি ‘আরণ্যদেবতা’ প্রবন্ধে বন ধ্বংসের পরিণাম সম্পর্কে সাবধান করেছিলেন এবং সতর্ক করেছিলেন যে, প্রকৃতির এই অবমাননা শেষ পর্যন্ত মানুষেরই বিনাশ ডেকে আনবে। তাঁর এই দর্শন আজ ‘টেকসই উন্নয়নের’ লক্ষ্যে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে গণ্য হতে পারে।

উপসংহার: প্রকৃতিই একমাত্র বিজ্ঞান

রবীন্দ্রনাথ ভাববাদী বা অধ্যাত্মবাদী কবি দার্শনিক এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই অধ্যাত্মবাদকে অতিক্রম করে গেছে প্রকৃতিবাদ। কবি নিজেই তাকে আধ্যাত্মিক প্রকৃতিবাদ বলে অভিযোজিত করে নিয়েছেন। যার মূল কথা হল প্রকৃতির সাথে প্রকৃতি সন্তান মানুষের যে আত্মিক সম্পর্ক তা উপলব্ধি করা। বলাবাহুল্য সমস্ত রকম আধ্যাত্মিকতারও লক্ষ্য এটিই। তফাৎ যেটুকু তা নাম গোত্র বা মত ও পথের। কিন্তু প্রায়শই এই আসল বিগ্রহটি নানা লৌকিক অলৌকিক কুয়াশার আবরণে অদৃশ্য থেকে যায়। রবীন্দ্রনাথের ক্ষেত্রে সে সমস্যা নেই, কারণ তাঁর প্রকৃতিদেবতাকে দেখা যায়, স্পর্শ করা যায়; তার সাথে কথা বলাও যায়। কবির এই পরিক্রমা শুধু বাহ্যিক জগতে নয়, বরং তার গন্তব্য আত্মিক উপলব্ধিতে। মানব প্রকৃতির এই স্বাভাবিক স্বছন্দই প্রতিফলিত হয়েছে শিক্ষায় শিল্পে সাহিত্যে, নানা কার্যধারার মাধ্যমে। যেখানে প্রকৃতির স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হয়েছে সেখানেই কবি থেমেছেন, প্রশ্ন তুলেছেন এবং পুনর্মূল্যায়ন করেছেন। তাঁর ইংরেজি শিক্ষা ব্যবস্থার কারখানা, ভারী শিল্পের প্রসারে তাঁর সাবধান বাণী, সমাজতন্ত্রের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বা পরিবেশ রক্ষায় মুক্তধারার চিত্রকল্প; কি উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে বিশ্বমানবতার জয়গান—সর্বত্রই দিশারী কবির সেই আধ্যাত্মিক প্রকৃতিবাদ। এমনকি আধুনিক কোয়ান্টাম পদার্থবিদ্যার জটিল তত্ত্বেও তা দিশা হারায় না। এইভাবে দেখা যায়, তাঁর প্রতিটি ভাবনা আজও আমাদের এক সুন্দর ও ভারসাম্যপূর্ণ বিশ্ব গড়ে তোলার পথে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে থাকে। আজকের বিজ্ঞানের যুগেও কবিগুরুর পথ অনুসরণ করে একটি প্রাচীন সত্যকে পুনরায় আবিষ্কার করা যায়, প্রকৃতিই একমাত্র বিজ্ঞান।

তবে এ কথাও সত্য যে কোন দর্শনই সভ্যতার শেষ কথা হতে পারে না। তাকে অতিক্রম করে যাওয়ার মধ্যেই সেই দর্শনের সার্থকতা। তবে তা ইতিবাচক অর্থে। এখানে একটি স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে বহু আলোচিত রবীন্দ্র ঐতিহ্য পাঠের চেষ্টা করা হল। পাঠক নিজ ভাবনার রসে জড়িত করে তার সার গ্রহণ করবেন।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register