Tue 01 September 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে অনিরুদ্ধ সুব্রত (গুচ্ছ )

maro news
কবিতায় বলরুমে অনিরুদ্ধ সুব্রত (গুচ্ছ )

নিবৃত্তি

এই অগ্নি গর্ভে রোজ ইন্ধন দিতে হয়

রোজই স্নেহ পদার্থ কম পড়লে আসতে চায় নিভে


ঘাম দিই, রক্ত দিই, ব্যথা দিই, অশ্রু, স্বেদ যা কিছু 

তবু--- না পেলে চিৎকার করে ওঠে---

ধোঁয়ায় ভরে যায় ঘর, বুকের ভেতর, চোখের আকাশ 


হায় ! এই হোমের আয়োজন, এই ব্যর্থতা 

দহন-তন্ত্রের এই পরাজিত পরিকল্পনা এত নস্ত্যর্থক

রুষ্ট দেবতার রোষানলে জ্বলে সমস্ত সাধনা 


ক্রমশ ফুরিয়ে আসছে সেই শুষ্ক সরবরাহ 

তবে কি নিঃশেষ--- এই আগুন হতে প্রাপ্ত আলো।


সকর্মক

মাসের শেষ ও শুরু

নেশার গেলাস পূর্ণ ও শূন্য

বোতলটি গড়াগড়ি খায়

শুকনো পাতার পাশে


শিকার করা মাংস 

রুটিন করে খায়নি সিংহ 

স্বাদ মিটিয়েছে, সাধও

পচনে, থেকেছে উপোস 


জমি ফের নাঙলের নিচে

পক্ক শষ্য নিয়ে গেছে কিনে

ঊর্বর অনুর্বর মিথ শুধু--- 

ভালবাসা বেঁচে আছে, 

                   কৃত্রিম সারে।


ভক্তিযোগ

তবু সেখানেই নৈবেদ্য করেছ আত্ম, সর্বাত্মক

কতবার পথ-গান উপেক্ষা করে---


বহুবার, এই অন্ধকার পোহানো আমার 

বহুদিন সমুদ্র পাহাড়ের বিপরীতে--- বিষণ্ণ সন্ধ্যার


ওখানে ফুটেছে তোমার ধ্রুবতারা, ওই আকাশ

মধ্য রাত্রির সর্বগ্রাসী পূর্ণ পূর্ণিমা চাঁদ 


হাসছ নাকি কাঁদছ সেই সঙ্গমের ভিতর, জানিনা

সাধ্য কি পাখনার--- আগুনের মোহ এড়াবার


তবু অ-ভাবের বিলাপ, মুখ ফেরানো দেবতা

তার শুদ্ধ তুলসীর নিমিত্ত কী দারুণ অন্বেষণে--


এ আমি পথ-বাউলের সূত্রধর, ধুলো ওড়া পা

কেবল মানুষ, সুরে গেঁথেছি প্রতিটি উপেক্ষা..


Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register