Sat 06 June 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে বিভাবসু

maro news
দিব্যি কাব্যিতে বিভাবসু

অবান্ধব এক খেরোখাতা

একে একে সবাই ছেড়ে যায়
কেউ স্বেচ্ছায়
কেউ অনন্যোপায় হয়ে
কেউ ঠাঁই বদলের অছিলায়
কেউ স্বার্থ ফুরানোর জন্য

শেষাবধি কেউই বন্ধু হয়ে থাকে না

একে একে সবাই ছেড়ে যাওয়ার পরে
যে অনিবার্য নৈঃশব্দ্য নেমে আসে চরাচরে
তার মধ্যে আমি নিজেকে আবিষ্কার করি
এক স্বয়ংভূত প্রেতযোনির মতো

আর ঠিক তখনই আমার পাশে উড়ে এসে জুড়ে বসে
সন্তের মতো এক কুচিবক
একটা লেজঝোলা পাখি
কিছু গাঙশালিক
আর অসংখ্য কাক

একটা জেলে নৌকোয় চেপে আসে
এক বর্ণাঢ্য বিকেল

কিন্তু এরাও একসময় আসন্ন রাত্রির দিকে উড়ে যায়

ধীরে ধীরে সবাই যখন ছেড়ে যায়
তারপর যে অনিবার্য একাকিত্বের জন্ম হয়
তার ভেতরে আমি আমার
জন্মান্তরের বিষণ্নতাদের খুঁজে পাই
এই বিষন্নতার মধ্যে জড়িয়ে যায়
হৈমন্তিক সান্ধ্যশিশির
একটা পরিত্যক্ত বাগানবাড়ি
আর টলোমলো একটা নদী

শেষপর্যন্ত কেউই পাশে থাকে না
শেষপর্যন্ত মানুষকে একা হতে হয়

আমাদের প্রকৃত কোনো বান্ধব নেই।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register