Tue 16 June 2026
Cluster Coding Blog

অণুগল্পে সুব্রত সরকার

maro news
অণুগল্পে সুব্রত সরকার

পাঠশালার মন্ত্রী 

আসব আসব করে আর আসাই হচ্ছিল না সুদেবের। আজ চলেই এলো। অনেকদিন ধরে এই গাছতলার পাঠশালার সঙ্গে ও যুক্ত আছে। সময়ে সময়ে কিছু সাহায্য পাঠায়। খোঁজ খবর রাখে। মোটকথা আত্মিক টান একটা আছে এই পাঠশালাটার জন্য।


এই পাঠশালায় একটা অভিনব মন্ত্রীসভা আছে। সুদেবের বন্ধু সুরজিৎ বলেছিল। সুরজিৎই এই পাঠশালার সঙ্গে সুদেবকে জড়িয়ে দিয়েছে। সুরজিৎ অবৈতনিক সহায়ক শিক্ষার এই পাঠশালার সঙ্গে অনেকদিন ধরে যুক্ত। গাছতলার পাঠশালাই বটে!..


সুদেব ও সৌমি দুজনে মিলে আজ এসেছে। আসার সময় কিছু বিস্কুট, চকলেট, খাতা, পেন্সিল নিয়ে এসেছে।


এখন টিফিন দেওয়া হবে। টিফিন খেয়ে ওরা বাড়ি চলে যাবে। তারপর স্নান করে আবার যাবে ওদের আসল স্কুলে - সরকারী স্কুলের ছাত্র-ছাত্রী ওরা। এখানে সকালে আসে স্কুলের সিলেবাসের পড়াগুলোই পড়ে শিখে নিতে। তিনজন দিদিমণি ওদের পড়ায়।


টিফিন দেওয়া হচ্ছে। সুদেব একটু দূরে দাঁড়িয়ে দেখছে। সৌমি ওদের হাতে বিস্কুট- লজেন্স তুলে দিচ্ছে। ওরা খুব খুশি। সবাই লাইন দিয়ে টিফিন নিচ্ছে। একটা ছোট্ট ছেলে লাইন থেকে দূরে দাঁড়িয়ে দেখছে। ও টিফিন নিচ্ছে না। সুদেব অনেকক্ষণ ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বলল, "তুমি টিফিন নেবে না?"


"নেব তো।"


"তাহলে যাও। নাও তোমার টিফিন।"


"আমি পরে নেব।"


'কেন?"


"আমি মন্ত্রী তো!.."



সুদেব শুনেছিল এই পাঠশালায় চারজন মন্ত্রী আছে। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রী। সুদেব একটু হেসে বলল, "তুমি কি মন্ত্রী?"


ছোট্ট ছেলেটা মুচকি হেসে বলল," আমি স্বাস্থ্যমন্ত্রী।"


সুদেব আর কিছু জানতে চায় না। একটু দূরে সরে এসে দাঁড়ায়। আপনমনে অনেক কিছু ভাবতে ভাবতে একসময় মনে মনে ভেবে , "হায় রে! আমাদের আসল মন্ত্রীরা একবার যদি এসে দেখতেন!..নিজের কানে শুনে যেতেন এই ছোট্ট বালকের কথাটা, "আমি মন্ত্রী তো!.."



ও মন্ত্রীমশাই, আপনারা একবার আসবেন!..



।। সমাপ্ত।।



Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register