Wed 11 November 2026
Cluster Coding Blog

হৈচৈ ধারাবাহিক কিশোর উপন্যাসে রাজকুমার ঘোষ

maro news
হৈচৈ ধারাবাহিক কিশোর উপন্যাসে রাজকুমার ঘোষ

বিট্টুর সঙ্গী 

 ঘোতনের পরবর্তী পদক্ষেপ কি? …পড়ুন ২৭তম পর্বে…   

বিট্টুর ভবিষ্যৎ নিয়ে ঘোতনের মনে নানা সংশয়। যে ঘোতন একসময় ভেবেছিল, এই বিট্টুকে কিডন্যাপ করে ওর বাবার থেকে অনেক টাকা আদায় করবে, সে আজ বিট্টুকে নিয়ে সত্যি চিন্তিত। বিশেষ করে বিট্টুর নতুন মায়ের কার্যকলাপ শুনে রীতিমত স্তম্ভিত। এই বিট্টু ওকে প্রাণে বাঁচিয়েছে। এখন সে যেন ভীষণ আপনজন, ওকে কোনওভাবেই বিপদে ফেলা যাবে না। যে করেই হোক ওকে বিট্টুর সাথে থাকতে হবে। পুলিশ যদি বিট্টুর খোঁজ পেয়ে যায় তাহলে বিট্টুর আখেরে ক্ষতি হবে। বিট্টুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঘোতন নানা চিন্তায় মগ্ন। এমন সময় ওর বোন সুলেখাও ঘরে প্রবেশ করে ঘোতনকে বলল, 

“কি ব্যাপার দাদা? ঐ ভাবে ছেলেটার মুখের দিকে তাকিয়ে কি ভাবছিস?” 

“না, কিছু ভাবিনি। ক’দিন ছেলেটাকে পেয়ে বেশ মায়ায় পড়ে গেছি। ভাবছি ওকে দেখতে না পেয়ে ওর বাবার খুব কষ্ট হচ্ছে” 

“হ্যাঁ, ঠিকই বলেছিস। ওর বাবার কাছে ফিরিয়ে দিয়ে টাকার ব্যবস্থা কর। আমরাও অনেকটা নিশ্চিন্ত হই। আমাদের সংসারটাও একটু গুছিয়ে নিই” 

বোনের কথায় ঘোতন শুধু হাসল। মনে মনে বোনকে বলল, “তুই এই আশাতেই থাক। লোভ আমাদের শেষ করে দেবে। তুই সেই পথেই হাঁটছিস” 

এরই মাঝে বিট্টুর ঘুম ভেঙে গেল। সে ঘোতন ও সুলেখাকে “গুড মর্নিং” জানাল। প্রত্যুত্তরে ওরা ভ্যাবাচাকা খেয়ে গেল। বিট্টুর গুড মর্নিং ওদের মাথাতেই ঢুকল না। সুলেখা জিজ্ঞেস করল, “মানে?”

বিট্টু সহজ করে বুঝিয়ে দিল, 

“সকালে ঘুম থেকে উঠে সবাইকে সুপ্রভাত জানাতে হয়। ইংরাজীতে গুড মর্নিং বলে” 

দুজনেই বিট্টুকে অস্পষ্ট উচ্চারণ করে গুড মরনি বলাতে বিট্টু হো হো করে হাসতে লাগল। ঘোতন বলল, 

“আমরা তোর মত পড়াশোনা জানি না রে বিট্টু। তোর হাসি তো পাবেই” 

“ঠিক আছে আমি শিখিয়ে দেব” 

সুলেখা বিট্টুকে ফ্রেস হতে বলে সেখান থেকে চলে গেল। ঘোতন বিট্টুকে বলল, 

“এখানে আমরা বেশ কিছুদিন থেকে পালিয়ে যাব। পাশের ঘরের বুড়োটা খুব জ্বালাচ্ছে বিট্টুসোনা। কিন্তু আমরা কোথায় যাব? সেটাই ভেবে পাচ্ছি না” 

“তাহলে আমরা হরিদাদুর কাছে যেতে পারি” 

“ওখানে গেলে যদি পুলিশ আমাদের খুঁজে পায়। তাহলে কি হবে? তোর নতুন মা তোকে ছেড়ে দেবে? তোর বাবা কি আমাদের কথা বিশ্বাস করবে?” 

“হরিদাদুকে আমরা বুঝিয়ে বলব” 

“তার চেয়ে আমি একটা কাজ করি। আমরা ঝাড়খণ্ডে চলে যাই। আমি একসময় ঝাড়খণ্ডের জঙ্গলে ছিলাম। এক সর্দার আছে সেখানে। সেই জঙ্গলের রাজা। যেখানে কোনও পুলিশ যেতে পারে না। অনেকদিন ওখানে ছিলাম। সর্দারের সাথে আমার বেশ খাতির আছে। কিন্তু” 

“কিন্তু কি?” 

“তোর কথা ভেবে চিন্তায় পড়ে যাচ্ছি রে বিট্টুসোনা” 

“আমার কি হবে?” 

“ওরা ছোটদের দেখলেই নিজের দলে টানবার চেষ্টা করে। তোকে দেখলেই বুঝতে পারবে, তুই নিশ্চ্যই কোনও বড় ঘরের ছেলে। তোর মুখ থেকে সবকিছু জানতে চাইবে। তোকে ভয় দেখাবে। জানিনা, ওখানে গেলে কি হবে? তখন অন্য সমস্যা তৈরী হবে” 

“চলো, ওখানে একবার যাওয়া যাক। আমার হরিদাদু বলেছিল, আগে থেকে ভেবে লাভ নেই। সাহস করে এগিয়ে যাও, যদি বিপদে পড়ো। চেষ্টা করো, বিপদ থেকে বাঁচবে কিভাবে? মাথা ঠান্ডা রেখে বিপদ থেকে বেরিয়ে আসতে হবে”

“সত্যি তোর হরিদাদুকে আমার সেলাম। ওনাকে দেখতে খুব ইচ্ছা করছে” 

“দেখবে তো। তার আগে ঝাড়খণ্ডের সেই জঙ্গলে যেতে হবে” 

“ঠিক আছে, তাই হোক। কিছুদিন থেকে আমরা একদিন কাউকে কিছু না বলে এখান থেকে পালিয়ে যাব” 


সুলেখার শ্বশুরকে যতটা সহজ ভেবেছিল ঘোতন, ততটাও নয়। দু’দিন পর বুড়ো থানায় যায়। সেখানে গিয়ে বিট্টুর নিখোঁজের ব্যাপারে থানার ওসির সাথে কথা বলে। টিভিতে বিট্টুর ছবি দেখানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। থানার ওসিকে জিজ্ঞাসা করে, 

“আচ্ছে এই ছেলেটার খোঁজ দিতে পারলে কত টাকা পুরস্কার দেবে?” 

“পঞ্চাশ হাজার টাকার পুরস্কার আছে” 

“আমি এর খোঁজ দিতে পারি। পুরস্কারটা আমাকে দিতেই হবে” 

“কোথায় আছে ছেলেটা?” 

“আমাদের বাড়িতেই আছে। একটা শয়তান, ছেলেটাকে আমাদের বাড়িতে এনেছে। আমাকে শাসিয়েছে, যদি পুলিশ বা কাউকে কিছু বলি, তাহলে আমাকে মেরে খালের জমিতে পুঁতে রাখবে”

বুড়োর কথা শুনে ওসি বুড়োকে বলে, 

“বাড়ি গিয়ে ওদের আটকে রাখো। আমরা বেশ ক’জন পুলিশ নিয়ে যাচ্ছি। খেয়াল রাখবে, ওরা যেন পালাতে না পারে” 

বুড়ো এসেই ভেতর থেকে দরজা বন্ধ করে ঘোতনের সম্মুখে এসে বলে, 

“সেদিন আমার খুব চমকাচ্ছিলিস। এবার এখান থেকে বেরোতে পারবি না হতচ্ছাড়া। পুলিশ আসছে তোদের ধরতে। এই ছেলেটার খোঁজ দিলে নগদ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ হাতে পাওয়া যাবে। তোর উপর ভরসা করা যায় না” 

রীতিমত হূলুস্থুল ব্যাপার। ঘোতন ভীষণ রেগে গেল। সামনে একটা দাঁ হাতে নিয়ে সুলেখার শ্বশুরকে মারতে উদ্যত হল। সুলেখা ঘোতনকে আটকে বলল, 

“এ কি করছিস দাদা?” 

“তুই ছেড়ে দে। আজ একে মেরেই পুলিশের কাস্টডিতে যাব” 

বিট্টু বলল, “ও ঘোতনকাকু, তুমি মাথা গরম করো না। এখন কি করা যায় ভাবো” 

বুড়ো হাসতে হাসতে বলল, “আর ভাবার সময় নেই, পুলিশ এই এলো বলে। খোকা, তুই এবার তোর বাড়ি ফিরে যা। আর এই খচ্চর ঘোতনকে পুলিশ ধরে নিয়ে জেলে পুড়ে দিক। দেখ শালা কেমন লাগে” 

সুলেখা খুব রেগে গেল। সে জানাল, “সুখ আপনার সহ্য হবে না। মাত্র পঞ্চাশ হাজারের জন্য এই ভুলটা করলেন?” 

বিট্টুর কথা শুনে ঘোতন ওকে নিয়ে বেরিয়ে যাবে সিদ্ধান্ত নিল। কিন্তু বুড়ো ঘোতনকে আটকে বলল, 

“যাচ্ছিস কোথায়? আমি কিছুতেই যেতে দেব না। আমার পঞ্চাশ হাজার টাকা আমি কিছুতেই হাতছাড়া করব না” 

ঘোতন ওর শক্তিশালী হাতের পাঁচ আঙুল মুঠো করে বুড়োর চোয়াল লক্ষ্য করে একটা জোরালো ঘুসি মারল। বুড়ো চোয়ালে হাত দিয়ে কয়েক ফুট দূরে ছিটকে পড়ে কাতরাতে লাগল। “ওর বাবারে। আমার প্রাণটা বেরিয়ে গেল রে” বুড়ো অজ্ঞান হয়ে পড়ে গেল। সুলেখা শ্বশুরকে ধরে কাঁদতে লাগল। সুলেখার স্বামীও এইসব দেখে হতভম্ব হয়ে গেল। সে তার বাবাকে ধরে চেল্লাতে লাগল। এই সুযোগে ঘোতন বিট্টুকে নিয়ে বাড়ির দরজা খুলেই বাইরে বেরিয়ে গেল। কিন্তু পুলিশের গাড়ির হর্ণ বাজতেই ঘোতন চমকে গেল। বিট্টু বলল,  

“ঘোতনকাকা, পুলিশ এসে গেছে। আমরা এখান থেকে কিভাবে পালাব?” 

“আমার হাতটা চেপে ধর। সামনের রাস্তা ধরে লাভ নেই। আমরা বাড়ির পেছনের আলুর চাষের ক্ষেত ধরে ছুটে পালাব” 

বিট্টু তার ঘোতনকাকার হাত ধরে আলুর ক্ষেতের জমি ধরে ছুটতে লাগল। পুলিশের ওসি ওদের দেখতে পেয়েছে। হুমকি দিল, 

“এইভাবে পালাতে পারবি না। আমরা গুলি চালাতে বাধ্য হব” 

পুলিশের কথায় কর্ণপাত না করে ঘোতন বিট্টুর হাত ধরে ক্ষেতের জমি অতিক্রম করে দিগ্বিবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগল। ওসি ঘোতনের পা লক্ষ্য করে একটা ফায়ারিং করল। অল্পের জন্য সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হল। ঘোতন মনে মনে ওপরওয়ালাকে বলল, “বুঝতে পেরেছি, বিট্টুকে বাঁচানোর জন্য আজ তুমি আমাকে রক্ষা করলে। আমি বিট্টুকে ঠিক রক্ষা করব”। 

সে বিট্টুকে সাহস নিয়ে ওর সাথে ছুটতে বলল, 

“চিন্তা নেই বিট্টু। আমি খুব জোর বেঁচে গেছি। আমাদের এখান থেকে ছুটে বেরিয়ে যেতে হবে। সামনে একটু এগোলেই আমরা হাইরোড ধরে ফেলব। সেখানে গেলে নিশ্চয়ই কিছু একটা পেয়ে যাব। পুলিশের নাগালের বাইরে যেতে হবে” 

পুলিশের দলও ওদের পিছু নিয়েছে। ক্ষেত দিয়ে পুলিশের গাড়ি যেতে পারবে না। তারাও ঘোতনকে লক্ষ্য করে ওদের পিছু নিল। ঘোতন বিট্টুকে কোলে তুলে রুদ্ধশ্বাসে দৌড়তে লাগাল। ছোট থেকেই ঘোতন খুব জোর দৌড়তে পারে। গ্রামের বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় ও বরাবরই প্রথম প্রাইজ পেয়েছে। কাজেই ওর দৌড়ের কাছে পুলিশের দল পাত্তা পেল না। বিট্টুকে কোলে নিয়ে দ্রুত গতিতে ছুটে বেশ কয়েকটা চাষের জমি অতিক্রম করে হাইরোডে চলে এসেছে। একবার সে পেছন ফিরে দেখল… 

---------------- 

পিছন ফিরে কিছু দেখতে পেল? … পড়ুন পরের ২৮তম পর্বে…

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register