Sun 06 September 2026
Cluster Coding Blog

কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

maro news
কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

সে এক সময় ছিলো

সকালে ঘুম ভাঙলেই এক এক দিন

এক একটি গানের কলি ভর করতো।

চা খেতে খেতে, 

অঙ্ক কষতে, ছবি আঁকতে

স্কুলে, এমনকি কলেজে যেতে যেতে

 

সারাদিনভর একই গানের কথা, সুর

মাথার ভেতর অবিরাম চক্কর কাটত

আর মনপাখিটা গুনগুন করেই যেত।


তারপর— 

তিস্তা করলা ব্রহ্মপুত্র দিয়ে 

কত জল বয়ে গেছে, কত পল জমেছে, 

কত ঋতু পেরিয়েছে—

কবে যে সেই অভ্যেসটা ঝরে গেলো—

মনে পড়ে না।


এখন সকাল আড়মোড়া ভাঙে 

খবরের কাগজের ছেলেটির সাইকেলের ঘন্টায়,

দীর্ঘ সংগ্রামের ধ্বংসস্তুপে

চাপা পড়ে গেছে সুর তাল লয়


মনের ভেতর বয়ে যাওয়া নদীটি 

বাঁক বদলেছে— পুরোনো চর ডুবে গেছে,

ডুবে গেছে কত পুরোনো বসতি—

জেগে উঠেছে নতুন পাড়...

মন আজ সেই পাড়ে বসে ভাবে

অকাজের দিনে বড্ড জীবন্ত ছিলো সে।

একটা গানকে সারাদিন বুকের মধ্যে 

বয়ে বেড়াবার মতো অবকাশ ছিল তার।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register