Thu 14 May 2026
Cluster Coding Blog

কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

maro news
কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

প্রসাধন

আমরা জীবনকে খুব কমই পরিচর্যা করি।

প্রতিদিন তাকে শুধু ব্যবহার করি—

সময়ের মতো, অভ্যাসের মতো, প্রয়োজনের মতো।

তার গায়ে জমে থাকে বিষাদ, ক্লান্তি, অযত্ন, অনুচ্চারিত দীর্ঘশ্বাস।


আমরা ভাবি, জীবন বুঝি এমনই—

একটানা দৌড়, হিসেব, প্রাপ্তি আর অপূর্ণতার খতিয়ান।

অথচ জীবন এত কঠিন তো নয়!

ভোরের জানালায় ঝুঁকে থাকা— একটি নাম না জানা ফুল, 

হঠাৎ মনে করিয়ে দিতে পারে, রঙেরও নিজস্ব স্পর্ধা আছে।

কার্ণিশে বসা একটি চড়ুই-এর ডাক, 

যেন বলে যায়— ক্ষুদ্র বলেই অস্তিত্ব তুচ্ছ নয়।

দুপুরের আলসে রোদ

চুপচাপ ছুঁয়ে যেতে যেতে বলে যায়—

আলো সবসময় আকাশ থেকে নামে না,

কখনও তা মননেও ভাস্বর।


প্রিয় কবিতার একটি পংক্তি,

চেনা গানের এক-আধটি কলি,

হঠাৎ কোথা থেকে ভেসে আসা অনুভবী বাতাস—

এসবই তো আমাদের ভিতরকে বদলে দেওয়ার গোপন আয়োজন।


যে মানুষ ভারী হয়ে উঠেছিল নিজের কাছেই,

সে হঠাৎ হালকা হতে শেখে।

যে হৃদয় দীর্ঘদিন দরজা বন্ধ রেখেছিল,

সে আবার জানালা খুলে দেয় পৃথিবীর দিকে।


জীবনকে বড় কিছু দিয়ে নয়,

এই সামান্যকিছুর প্রতি মন রেখে বাঁচাতে হয়।


বিস্ময় কখনও প্রাসাদে জন্মায় না—

সে জন্মায় উঠোনে, পাতার ফাঁকে,

জালিকাটা রোদে,

একটি চড়ুইয়ের ডানায়,

আর এমন কোনো কথায়—

যা শুনে মনে হয়,

এখনও সব শেষ হয়ে যায়নি।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register