- 14
- 0
চাকার স্বপ্ন
বারুইপুরের দক্ষিণ গরিয়ার সরু গলিগুলো যখন ভোরের কুয়াশায় ঘুমিয়ে থাকে, তখনই সত্যেনের পুরোনো রিকশাটার চেন কড়কড় শব্দে জেগে ওঠে। সত্যেন জানে, আজ সারাটা দিন প্যাডেল মারলে বড়জোর পঞ্চাশ-একশো টাকা জুটবে। তার ওপর আজকাল বাজারে অটো-টোটোর মেলা। মানুষ এখন ঘাম ঝরানো রিকশায় সময় নষ্ট করতে চায় না, দ্রুতবেগে গন্তব্যে পৌঁছাতে চায়। কিন্তু সত্যেন সাধারণ রিকশাওয়ালা হয়েও এক অসাধারণ নেশায় বুঁদ। তার জমানো কয়েকটা টাকা যখনই একটু পুষ্ট হয়, সে তার রিকশা নিয়ে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। লাদাখের বরফমোড়া পাহাড় থেকে পুরীর উত্তাল সমুদ্র— সব দেখেছে তার এই তিন চাকার বাহন। খবরের কাগজে ছবি বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় লোকে তাকে নিয়ে ভিডিও বানিয়েছে। রাতারাতি সত্যেন এখন ওই অঞ্চলের 'স্টার'। কিন্তু এই জনপ্রিয়তার চাকচিক্য তার ঘরের মাটির দেয়ালগুলোকে সারিয়ে তুলতে পারেনি। তার ভাঙা চালের ফুটো দিয়ে যখন বর্ষার জল থপথপ করে মেঝেতে পড়ে, তখন সেই স্টার-তকমাটা ফিকে হয়ে আসে।
সেদিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় গিন্নি মিনু আজ আর চিৎকার করেনি। ভাতের হাঁড়ির শূন্যতা যখন শব্দহীন হয়, তখন সেটা বেশি ভীতি জাগায়। মিনু শুধু বলেছিল, "তোমার ওই লাদাখের মেডেলগুলো দিয়ে কি আজ চাল পাওয়া যাবে? ছেলেটার স্কুলের মাইনে বাকি দু-মাস।"
সত্যেন জবাব দেয়নি। সে তার রিকশাটা নিয়ে চম্পাহাটি স্টেশনে এসে দাঁড়াল। একের পর এক টোটো হুশ করে বেরিয়ে যাচ্ছে। ওগুলোতে ব্যাটারি আছে, গতি আছে। সত্যেনের আছে শুধু দুটো হাড়গিলে পা আর এক বুক জেদ। এক সময় এক বৃদ্ধা উঠলেন তার রিকশায়। "বাবা, একটু পালপাড়া যাবি? বড্ড রোদ।"
সত্যেন প্যাডেল মারতে শুরু করল। পেশিগুলো ব্যথায় টনটন করছে। কাল রাতে শুধু জল খেয়ে শুয়েছিল সে। রিকশা চালাতে চালাতে সে ভাবছিল— হিমালয়ের সেই বরফ শীতল হাওয়া আর এই সাউথ গরিয়ার ঘামাচি মারা ভ্যাপসা গরমের তফাতটা ঠিক কোথায়? সেখানে সে ছিল এক নিঃসঙ্গ সম্রাট, আর এখানে সে নিছক এক 'ঘোড়া' যে শুধু অন্যকে গন্তব্যে পৌঁছে দেয়।
এক বিকেলে স্টেশনের মোড়ে রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিল সত্যেন। এক যুবক হাতে দামি ক্যামেরা নিয়ে এগিয়ে এলো। "সত্যেনদা না? আপনার লাদাখ অভিযানের ভিডিও আমি দেখেছি! আপনি তো হিরো!"
সত্যেন একটু লাজুক হাসল। যুবকটি বলে চলল, "নতুন কোথায় যাচ্ছেন এবার? সবাই আপনার পরের ট্রিপের অপেক্ষায় আছে।"
সত্যেন আলগোছে তার গামছাটা কাঁধে ফেলল। পকেটে হাত দিয়ে দেখল মোটে তিরিশ টাকা পড়ে আছে। হাসিমুখে সে উত্তর দিল, "ইচ্ছে তো আছে হিমালয়ের আরও গভীরে যাওয়ার। কিন্তু ভাই, রিকশার চাকা ঘোরে স্বপ্নে, আর ঘরের হাঁড়ি চড়ে পয়সায়। স্টার হয়েছি ঠিকই, কিন্তু কাল রাতে ঘরে ডাল জোটেনি।"
যুবকটি কিছুক্ষণ চুপ করে থেকে একটা ছবি তুলে চলে গেল। সত্যেন বুঝল, মানুষ অ্যাডভেঞ্চার ভালোবাসে, কিন্তু অ্যাডভেঞ্চারের পেছনের খিদেটা কেউ দেখতে চায় না। সত্যেন হাসল। এই হাসিটা বড় অদ্ভুত। সে জানে, সে এখন একটা 'প্রদর্শনী'। তার দারিদ্র্য আর তার স্বপ্ন— এই বৈপরীত্যটা মানুষের কাছে একটা বিনোদন। সে যখন রিকশা নিয়ে পাহাড়ের বাঁকে ওঠে, তখন সে দারিদ্র্যকে শাসন করে। কিন্তু যখন স্টেশনে ভাড়ার জন্য অটো-টোটো চালকদের সাথে বচসা করে, তখন দারিদ্র্য তাকে শাসন করে।
বিকেলে এক পুরনো মহাজন তাকে পাকড়াও করল। "কী রে সত্যেন? খবরে তো তোর খুব নামডাক। তা ধারের পাঁচশো টাকাটা কবে দিবি? নাম দিয়ে তো আর পেট ভরে না।"
সত্যেন মাথা নিচু করে রইল। তার রিকশার ক্যারিয়ারে বাঁধা আছে একটা প্লাস্টিকের ড্রাম, যাতে সে দূর ভ্রমণে জল রাখত। এখন সেটা ধুলো মেখে পড়ে আছে।
সেদিন বাড়ি ফিরতে দেরি হলো। মিনু অন্ধকারে বসে ছিল। সত্যেন পাশে গিয়ে বসল। "মিনু, আজ স্টেশনে এক লোক এসেছিল। সে বলছিল আমার ওই অভিযানের ছবিগুলো দিয়ে একটা প্রদর্শনী করবে কলকাতায়। লোকে নাকি পয়সা দিয়ে টিকিট কেটে আমার রিকশা দেখতে আসবে।"
মিনু ম্লান হেসে বলল, "তোমার রিকশা দেখার লোকের অভাব নেই গো। অভাব শুধু আমাদের পেটের অন্ন দেখার লোকের।"
রাতে সত্যেন তার রিকশাটার গায়ে হাত বুলিয়ে আদর করছিল। লোকে বলে সে পাগল। এই টাকায় সে তো একটা টোটো কিনতে পারত, তাহলে অন্তত সুখে সংসার চলত। কিন্তু সত্যেন জানে, টোটো তাকে রুটি দেবে, কিন্তু মুক্তি দেবে না। সে রিকশার চাকাটা হাত দিয়ে ঘোরাল। অন্ধকারে চাকাটা ঘুরছে— বনবন করে। ঠিক জীবনের মতো। কখনো ওপরে, কখনো নিচে। সে বুঝল, তার এই ভ্রমণ আসলে পলায়ন নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। সে যদি ভ্রমণ না করত, তবে সে কবেই এই দারিদ্র্যের যূপকাষ্ঠে আত্মবলি দিত। ওই চাকাগুলোই তাকে বাঁচিয়ে রেখেছে।
সেদিন রাতেই সে তার পুরনো ম্যাপটা বের করল। টর্চের আলোয় দেখল সিকিমের রাস্তা। দারিদ্র্য তাকে ছিঁড়ে খাচ্ছে ঠিকই, কিন্তু যে মানুষটা মানসিকভাবে আকাশের সমান উঁচু হিমালয় দেখে ফেলেছে, তাকে ছোট ঘরের অভাব আটকে রাখতে পারে না। সত্যেন জানে, কাল সকালে আবার তাকে অপমান সইতে হবে, আবার তাকে অটো-টোটোর সাথে পাল্লা দিতে হবে। কিন্তু তার হৃদয়ের এক কোণে সেই চাকাটা ঘুরছে, যা তাকে একদিন আবার সব সীমানা ছাড়িয়ে নিয়ে যাবে।
0 Comments.