Sun 12 April 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র ফেরদৌসী হাবীব

maro news
মেহেফিল -এ- শায়র ফেরদৌসী হাবীব

কথা থাকে না 

হাতের কাছে হাত রাখলেই ধরতে হবে এমন কোনো কথা আছে? সবটা দুপুর স্বপ্ন উড়াল, ঘুড়ির মতো উড়তে থাকা ক্লান্ত বিকেল মাতাল আলোয়- গা ছুঁই ছুঁই অবুঝ আঁধার। অনন্তনীল কষ্ট হবার, বুকের উপর গন্ধ রূমাল। একটানা সুর বাজছে চলে- একটানা সুর বেজেই চলে । চোখের উপর চোখ রাখলেই স্বপ্ন হবে এমন কোনো কথা আছে?
তন্তুকীটের একটানা সুর বুনন করা ব্যাথার মতো দেয় জাগিয়ে ঘুমকাতুরে স্বপ্নলোভী স্বপ্নরা সব দেয় জাগিয়ে অচিন চেনা দেয় চিনিয়ে অচিন ক্ষত। মলিন আলোয় স্বপ্ন বোনে বুকের ভেতর বুকের কাছে রূপ কারিগর স্বপ্ন বোনে, স্বপ্ন বিলাস কেউ জানেনা। শ্বাসের উপর শ্বাস রাখলেই শুদ্ধ হবে,এমন কোন কথা আছে?
গা ডোবানো অন্ধকারে মন ভোলানো সুখেরা সব। পাল্লা দিয়ে দুঃখ বাড়ে পাল্লা দিয়ে রাতের কালো অনন্তনীল কাব্য ওড়ে কাব্য ওড়ে মেঘের মতো খুব গোপনে কেউ জানেনা। খুব গোপনে শাড়ীর আঁচল আঁকলো গিয়ে মেঘের আদল। খুব গোপনে মোমের মতো পড়ছে গলে সবটা হৃদয় পড়ছে গলে সবটা স্মৃতি । দারুণ তাপে দারুণ খরায়। পুড়ছে আগুন কৃষ্ণচুড়া, মন পুড়ছে ঘুম পুড়ছে মন পোড়ানি কেউ জানেনা। মনের উপর মন রাখলেই তোমার হবে এমন কোন কথা আছে? বুকের ভেতর স্রোত জাগলেই প্রেমিক হবে এমন কোন কথা আছে? এমন কোনো কথা আছে?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register