Sun 13 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় গদাধর সরকার

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় গদাধর সরকার

থাক মা সবাই সুখে

কেমন বিচার তোমার মাগো, কেমন তোমার হাত ? কেউ পাবে রোজ অঢেল খাবার, কেউ পাবেনা ভাত !
কাউকে দিলে প্রাসাদ বাড়ি ! কেউ পেলোনা ছাদ ! কাউকে দিলে সুখের বাতাস ! কাউকে অবসাদ !
কেউবা ভাসায় আমোদ তরী ! কেউবা চালায় গাড়ি ! কেউ পেলোনা পায়ের জুতো ! মাথায় মারো বাড়ি !
অনেক ভেবেও সাধ কি তোমার, যায়না কেন বোঝা ? কাউকে তুমি মানুষ ভাবো ! কাউকে ভাবো বোঝা !
দুগ্গা মাগো ওড়াও তোমার রঙিন খুশির ধ্বজা ! তাই দেখে মা একটুও তো হয়না ওদের মজা !
ওরাই থাকে ফুটপাতে মা । চোখের কোনায় কালি । তোমার পূজোয় ছড়ায়না মা ওদের খুশির তালি ।
ওদের বাবা পূজোর দিনেও পায়না কাজের ছুটি । সারাটা দিন ঘাম ঝরিয়েই জোগাড় করে রুটি ।
তাদের পাশে দাঁড়াও তুমি, সব হারা আজ যারা । তারাও মাগো খুশির মেলায় হোকনা বাঁধন হারা ।
পায়নি যারা নতুন জামা, নতুন চুড়ি, ফিতে পারবে না মা তাদের দিকে হাত বাড়িয়ে দিতে ?
সব হারিয়েই কাঁদছে যারা, বলছি তোমায় খুলে : তাদের কথা কেমন করে থাকছো মাগো ভুলে ?
ঝুপড়ি গুলো পূজোর দিনেও আঁধার হয়ে থাকে ! শুনতে কি পাও ওদের ঘরে তোমায় যদি ডাকে ?
সরল সিধে মানুষ গুলো কেবল ভয়ে মরে । অসুর গুলো খোশ মেজাজে ত্রাসের ভূবন গড়ে ।
অসুর গুলো বেজায় খুশি, বানাও তাদের রাজা । সরল মতির মানুষ কে দাও নানান কঠিন সাজা ।
দিন কিবা রাত, ছলা কলায় ভীষন পটু যারা । তোমার আশিস মাথায় নিয়ে তারাই মাতায় পাড়া !
চাইনা মাগো এমন পূজো, চাইনা এমন পূজো । মরছে যারা খিদের জ্বালায় তাদের ব্যথা বুঝো ।
এই মিনতি করছি মাগো এবার তোমার কাছে । বিভেদটাকে সরিয়ে দিয়ে ফোটাও না ফুল গাছে !
তোমার বুকের সবুজ আকাশ ছড়াক সবার বুকে । সবাইকে দাও তোমার আশিস, থাক মা সবাই সুখে ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register