- 16
- 0
হে মহাজীবন
ক্ষমা ও ক্ষমতার দ্বন্দ্ব, স্কার ও জন্মদাগের বিভেদ, সর্বগ্রাসী ধর্ম ও তার সামনে নিলডাউন ধর্মনিরপেক্ষতা কোনো কংক্রিট সমাধানের কথা বলে না। এই থইঅথই অন্ধকারে ভালো লাগছে না কিছু। কিচ্ছুই না। অস্থিরতার সবচেয়ে বড়ো সমস্যা, সে কোনো সিদ্ধান্তে আসতে দেয় না। জড়িয়ে রাখে একটা অস্বস্তির মধ্যে। একটা অসহায়তার মিলিউ তৈরী করছে, যার শুরু ও শেষের মাঝের ফুটব্রিজ কবে শেষ হবে কেউ জানেনা। শিকড়টা কিন্তু অনেক গভীরে। আজ একটা ঘটনার প্রেক্ষিতে উদ্ভুত জটিলতা ভাবাচ্ছে যে ডেমোক্রেসির উর্দ্ধে যদি ডিমোক্রেসির ঠাঁই হয় তবে হে গণতন্ত্রের প্রভু মানুষের অসহায় আত্মা তো বাক ও বেদনার বংশোদ্ভূত, তাকে নতুন করে ভাবতে শেখান, কারণ ভাবার প্র্যাকটিসটাই তো হারিয়ে গিয়েছে । 'পুনরুজ্জীবন' শব্দটা বিলুপ্তপ্রায়, সত্য আজকাল বারবার পূণর্নিমিত হয়, দুম করে এই ঝটকাটা বিশ্বাসযোগ্য করার ও ভাবার আগেই সূর্য ঢলে পড়ে!
তারার শরীরে ফুটে ওঠা কালশিটেগুলোই নজরে পড়ে শুধু। লাবণ্যের কাছে নয়, এসময় মন নিজেকে সারেন্ডার করে অচর্চিত বোধের কাছে। মেকী ভাবের আন্ডারকারেন্ট পরাজিতের কোরাসে গলা মেলায়, "তীর বেঁধা পাখি আর গাইবে না গাআআন!!" ঠিক তখনই মন চিৎকার করে বলে, "পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা"। কার যেন দোর গোড়ায় লেখা "রাস্তা দেখায় রাস্তা"...
স্মৃতি আর অসহায়তা মিলে মিশে অখিলবন্ধু ঘোষ হয়ে ওঠে, "তোমার ভুবনে ফুলের মেলা" শুনেই কি রাতারাতি জোড়াফুলেরা পদ্মভূষিত হল? যাক আড়ালটুকু নয় এভাবেই খসল! আমরা ইতিহাসকে সহযোদ্ধা ভাবিনি কখনও। তার মধ্যে মনপসন্দ হরিদাসের বুলবুল ভাজা খুঁজেছি। তাই টিএমসি যতটা মমতার ততটাই মুপানরের খেয়াল ছিল না।কর্ণের পরাজয়ের মধ্যে রূপকথাটুকু নিংড়ে নিয়ে তাঁর ত্যাগ ও তিতিক্ষার প্রস্তুতিকে গুরুত্বহীন ভেবেছি। ভুলেছি দ্রৌপদী 'পাঁচপতিওয়ালি' নয়, ধর্মযুদ্ধের চালিকাশক্তি পাঞ্চালী ।
সহজ, অনাবিল বেঁচে থাকাকে স্লো মোশন রীল ভাবার কারণ একটাই, তার মধ্যে টপাটপ প্রাপ্তিযোগ নেই, সে আমাদের সঙ্গে সহিষ্ণুতার মিলনকে অনিবার্য মনে করে। সে সাম্প্রতিকের ক্লাইম্যাক্সের চেয়ে অনন্ত আগামীতে থিতু হতে চায়। তার সোনালী সিন্দুকে জমা থাকে মেঘ, চাইলেই বৃষ্টি নামাতে পারে ইচ্ছেমতো।
এই মেঘ বৃষ্টির আবহে তুমি কোথা থেকে এসে গেলে স্বয়ং ঈশ্বর বা নিরিশ্বরবাদী যুক্তিবাদীর কেউই খোলসা করতে পারল না আর ধর্মাবতার বেনেফিট অফ ডাউটের
সংজ্ঞায় বোঝালেন প্রেমের সাথে যুদ্ধের আদতে কোনো আনবান নেই। লোভের হালুম সাইলেন্সার দিয়ে চাপা দেওয়া যায় না এটাও যতটা সত্যি, সে এজলাসে 'লাভ' কেও রেড কার্পেট অভ্যর্থনা দেওয়া যুগ যুগ ধরে বাঞ্ছনীয়। শত শত নগ্ন মিথ্যের ভিড়ে ভালবাসা "অতল রোদন" !
এই সব কেওসের মাঝে, অ্যানার্কির মধ্যেই লেবু পাতার মায়া গন্ধে স্মৃতি উত্তাল হলে আকাশ থেকে খসে পড়া জল বিন্দু ফসল ফলায়, সম্ভাবনাময় বীজ যাবতীয় অন্ধকার কে বাইপাস করে প্রেম, বিপ্লব, মৃত্যু, বিভ্রমের ককটেলে জীবন অনন্ত...
0 Comments.