- 12
- 0
কুহক
দশমীস্থ প্রদীপ আর প্রয়োজনবেশ্যা
মুদ্রার মতো একচোখকানা জীবন পার হয় প্রতি দেবীপক্ষে
রুদ্র নিয়ে ঘর করি
আশ্চর্য সুখ এই জন্মের
সুতো জড়িয়ে যাবে ভেবে যাদের কুলোয় তুলিনি
তারা ধূপ জ্বালায়। যোনীগ্রামে একচালার ঠাকুর সারে--
দাঁড়িয়ে থাকে আমার অন্ধকারে।
এই অন্ধকার অঙ্গ প্রত্যঙ্গ
এই অন্ধকার মহামায়া
এই অন্ধকার পুংচিহ্ন
মায়ের বিসর্জন অথচ দু:খ নেই পদ্মপৃথিবীর
রুদ্র থাকলে রুদ্রাক্ষ থাকে
রুদ্রাক্ষ থাকলে পুরুষ
পুরুষ থাকলে চন্ডী
পুরুষ আনন্দের।
আদ্যা এই আখ্যারই দ্রবণ
তুমি দশমিকের মতো তিল হয়ে লেগে থাকো বিজয়ার বালিতে
আমি অষ্টমী তিথৌস্থ কন্যা
আমি বললে যা পুরুষের ঠোঁট হয়ে যায় লোভ হয়ে যায়
তুমি বললে তাই-ই অর্ধনারীশ্বর মূর্তি...
0 Comments.