- 9
- 0
শোক রসিকের কবিতা
রসিক। রসিক গোধূলির কথা বলা হয়নি। একমাত্র বিসর্গ জানে তার সব বাহাদুরি ।আমাদের নিজস্ব টোটেম লিপিগুলো খুব সহজে পড়তে গিয়ে সন্ধ্যা নেমে এলে বিসর্গ কান খাড়া করে জেনে নেয় আমাদের ভুল উত্তাপ আর শোকস্তব্ধতার মধ্যে কোন নদী ছিল কিনা ।
এই গোধূলি হল্টে কোন টিকিট পরীক্ষক নেই। কোড স্ক্যান করার প্রাক্কালে সতর্ক বিসর্গ জানিয়ে দেয় প্রত্নতাত্ত্বিক হৃদয় খননের ব্যবহারিক রীতি।
তোমার ভিজে জল গামছায় গুড় থাকতে পারে। অভিমান থাকতে পারে ।অংশত ঝাপসা হয়ে যাওয়া বর্ণমালা এইখানে প্রবেশ করলে এত উজ্জ্বল কেন হয় তার সুলুক সন্ধান গোধূলি ছাড়া একজনকেও খুঁজে পাওয়া যাবে না ।
শুধু জানি গোধূলি ও বিসর্গের চাঁদ মৃত্যু দিনে কেন জোছনাতে পায়েস মেলে দেয়।
১৮-৯-২৫
মদন ঘটক ও তার মন্ত্রপুত ভ্রমর
মায়া থাকা চলবেনা ।
মন্দশরীরে কোন ধাতু থাকা চলবে না।
তেমাথায় কোন চতুর চালতা গাছ থাকা চলবে না।
টু -টু টিকিস -টিকিস ট্যাফু থাকা চলবে না।
কোমর ঘুনসির কামচিত্রকে বিশ্বস্ত থাকতে হবে।
মদনার স্যাঙ্গাত এখন বেগুন মাচায় অপনিদ্রায় ব্যস্ত ।লাল কালো ডোরাকাটা গামছা কোন ভূমিকায় থাকতে পারে তা শুধুমাত্র টাট্টু ঘোড়া মাপতে পারে। মশালে মন্ত্রপুত নদীর হিসহিস টের পাও ।সমস্ত উদ্ভিদ ঠোঁটে ঠোঁটে এখন লিপস্টিক বিনিময়ে ব্যাস্ত।
মদন এক হিমবাহ ।
সে গলে গেলেই এগারো ভাগ
বারো ভাগও হতে পারে আবার
চৌদ্দ দর্শনও হতে পারে।
এসো মন:সংযোগ প্রকৃত বিবাহ সূত্রের অ-আ-ক-খ কোন ভ্রমরের ডানায় লুকিয়ে রেখেছো।
0 Comments.