- 97
- 0
একা একা
লিখছ কেন, কীই বা লিখছ
লেখার ভেতর বহুদূর যে গুহাপথ চলে গেছে
সে পথ বিঘ্ন, বিপর্যয় আর সমূহ বিপদের
অন্ধকারে কেউ কোথাও থাকবেনা
এ কথা জেনে তবে লিখো, লিখছ তো
লেখা মাত্রেই--- একা একা লিখিত
তন্ত্র মন্ত্র হীন, এ বড় অর্বাচীন
লেখার সতীর্থ নেই, সাধনসঙ্গ নেই, দাম্পত্যহীন
সাধে হেঁটে গিয়ে অনেকটা পথ, পারম্পর্য
নেই, সরাইখানা নেই, দেহ নেই মন নেই
কর্কশ ধূসর দুপুরের গুমোট আকাশ
তার নিচে হাতড়ে চলেছ অন্ধ
একদিন চাঁদের আলোয় সব ভুলে যাও
এক এক দিন শিশিরে ভিজে গিয়ে কেঁদে ফেলো
লিখছ কেন, কীই বা লিখছ নিশিদিন
অনাড়ম্বর, অকাতর, শুকনো জড়---
দৃষ্টিহীন কোনো এক ভ্রান্ত স্বপ্নের ভেতর
খুঁড়ে চলেছ--- বৃথা সৃষ্টির ধাতব ঘর।
0 Comments.