- 1
- 0
বিষাদের বারান্দায়
সত্য,শিব ও সুন্দরের আরাধনায়
পথ চলা মানুষের আজ বড়ই আকাল,,,,,
নির্ভরতা, মানবতা, জীবন বোধের আকাশ
ঘোর কৃষ্ণ বর্ণ, প্রতিবেশির হায়নার দৃষ্টি
নিরন্তর কুরে খায় সৎ ও বিবেকী আত্মা
সীমান্তে রণভেরী , নিউক্লিয়াসের ভয়ঙ্কর খাঁড়া
চোখ ধাঁধিয়ে যায়, আসলে বজ্র আঁটুনির ফোস্কা গেরো!
রাজ সভায় নিত্য স্তাবকের ভীড়,পাইক,পেয়াদা,উমেদার
মুনাফালোভী, রাজপথে নিত্য ধর্ষিত নারীর সম্ভ্রম
অমৃতের সন্তানেরা রাস্তায় ফেরি করে মানবতা
জঠর অগ্নি নিত্য দংশন করে চলে, অপ্রাপ্তির বেদনায়
অকুস্থলে পথ হারায়,পড়ে থাকে মেধা ও মনন
লক্ষ কোটি বেকার যুবক যুবতী নাম লেখায়
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের খাতায়,এক খন্ড পোড়া রুটির জন্য-
ভ্রান্তির কল্লোলে ডুবে যায় আশাপথ, শুধুই হা-পিত্যেস
সাম্রাজ্যবাদের বেনজির আক্রমণ, আস্ফালন গগন ভেদী
কচি শিশু,অশিতীপর বৃদ্ধা,কিষানী বধূর চোখে জল
আশাহত সমাজ শরীর, আত্ম হত্যার পথ বেছে নেয়
অগনিত তরুণ তরুণী অলীক বেদনা নিয়ে
চাপ চাপ অন্ধকার যেন আরো জমাট বেঁধে ওঠে!
প্রতিবাদ আর প্রতিরোধ আজ ঘোলাটে
আলোয় মিলিয়ে যাচ্ছে ক্রমশঃ , প্রশ্ন চিহ্ন
ঘনিভূত হয়, সংবেদী সময়,অনিত্য জীবন পথ!
স্বার্থ সুরার মোহে
শ্বাসরোধী বিষ বাষ্প ছেয়ে ফেলেছে
জল, স্থল, অন্তরীক্ষ, হৃদয়ের প্রতিটি অলিন্দ
বেদনার বিদীর্ণ হাহাকারে ক্রমশঃ মিলিয়ে
যাচ্ছে মধ্য রাতের মোহিনী বাঁশির সুর,,,,,,
ভয়ঙ্কর ক্রান্তিকাল আজ, শতাব্দীর সূচি মুখ
অন্ধকারে তথা কথিত সুশীল সমাজ মুখ ঢাকে
সুবিশাল ক্যানভাসে উন্নয়নের চিৎকৃত শ্লোগান,,,,,
জীবনাভিলাষ ক্রমাগত বেড়েই চলে কিন্তু
ভাড়ার ঘর শূন্য, রাষ্ট্র শক্তির মদ মত্ত হুঙ্কারে
চাপা পড়ে যায় বার্লিনের প্রাচীর ভাঙার শব্দ
বড়ই বেসুরো লাগে, সত্যের চোখে প্লাবন ডেকে যায়
বিবেকী ইচ্ছে গুলো হৃদয়ে মোচড় দিয়ে ওঠে
কিছু অবিমৃষ্য চিন্তা রাশি, আমাকে ডেকে নিয়ে যায় -
সভ্যতার সবুজ ক্ষেতে বিষাক্ত কীট, পঙ্গপালেরা
মৌসুরী পাট্টা গাড়ে, পড়ে থাকে সভ্যতার ফসিল!
আমার মরমী আত্মা শুধুই কাঁদে, নীরবে নীভৃতে
অশ্রু ভারে দু'কুল প্লাবি হৃদয় নদী
বেনোজলে ভেসে যায় আত্মার বশত বাড়ি!
0 Comments.