- 4
- 0
বিট্টুর সঙ্গী
দেখা যাক কি হয়? পড়তে থাকুন ২৯তম পর্ব…
লড়ির ড্রাইভারের উদ্দেশ্য ছিল অন্যরকম। সে ঘোতন ও বিট্টুকে নিয়ে এসেছে লন্টন চাচার কাছে। যে কিনা ঘোতনের পূর্ব পরিচিত। লড়ির ড্রাইভার তাই সুবিধা করতে পারেনি। ঘোতন লন্টন চাচার প্রতি কৃতজ্ঞতা জানাল। ভাগ্যিস পূর্ব পরিচয় ছিল। অন্য কেউ থাকলে ওদের দুর্দশার শেষ থাকত না। যদিও বিট্টুর জন্য ঘোতনের খুব চিন্তা হচ্ছে। ওকে খুব দেখার ইচ্ছা হচ্ছে। তাই সে লন্টন চাচার কাছে বলল,
“হাম দোনোকো বাঁচানে কে লিয়ে শুক্রিয়া, লন্টন চাচা…”
লন্টন চাচা হাসতে হাসতে জানতে চাইল,
“ও যো ছোটা বাচ্চা কৌন হ্যায় রে ঘোতনা?”
“ও মেরে বেটুয়া…”
“তেরা বেটা কাঁহাসে প্যায়দা হো গ্যায়া?”
“ও মেরে পাস রেহেতা হ্যায়। এক এক্সিডেন্ট মে উসকা পাপা-মামিকো দেহান্ত হো গ্যায়া। ও জিন্দা থে। ছোটা বাচ্চাকো ম্যায়নে আপনে সাথ রাখলিয়া। তবসে ও হামারা বাচ্চা হ্যায়, লন্টন চাচা। উসকা বিনা ম্যায় জিন্দা নেহি রহুঙ্গা”
ঘোতনের কথা শুনে লন্টন ওকে বিট্টুর কাছে নিয়ে গেল। বিট্টুর ঘুম ভেঙে গিয়েছিল। ও একাই ছিল। ঘোতনকে দেখতে পেয়েই বিট্টু ছুটে এসে ওকে জড়িয়ে ধরল। লন্টন সেখান থেকে চলে গেল। বিট্টু বলল,
“ড্রাইভার তোমার চিকেনে কিছু মিশিয়ে ছিল। তুমি ঘুমিয়ে গেলে। আমি চোখ বুঝে পড়েছিলাম। তারপর এখানে নিয়ে আসে। তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল, ঘোতনকাকা। এরা কেমন লোক?”
“চিন্তা নেই বিট্টু। আমরা এখানেই আসতে চেয়েছিলাম। ড্রাইভাররা জানত না, এরা আমাকে চেনে। যাইহোক, আমাদের এখানে খুব সাবধানে থাকতে হবে। তোকে এরা নানাভাবে বিরক্ত করবে। বেশ সাহস নিয়ে এখানে থাকবি। তোকে যা জিজ্ঞাসা করবে, বলবি আমি তোর বাবা। ভুল করে এখানে সত্যি কথা বলবি না। আমি এদের বলেছি, তোর বাবা-মা এক্সিডেন্টে মারা গেছে, তারপর থেকে তোকে আমি আমার কাছে রেখেছি। আজ থেকে আমরা এখানেই থাকব”
তবে এই জঙ্গলে থাকবে বলেই তো থাকা যায় না। এখানে থাকতে হলে অনেক যদি, কিন্তু আছে, সেগুলো যদি মন থেকে মেনে নেওয়া যায়, তবেই। একটু সেই প্রসঙ্গেই যাওয়া যাক।
ঘোতন যখন প্রথম এসেছিল। কলকাতায় নেতাকে খুন করার অপরাধে পুলিশ হন্যে হয়ে ওকে খুঁজছিল, ঘোতন ওদের গ্যাং-এর লোকেদের সাথে এখানে চলে এসেছিল। তখন এই জঙ্গলের সর্দার ছিল রাঘব। ঘোতন সেই সর্দারকে রাঘবদা বলে ডাকত। আসলে রাঘব ছিল বাঙালী। সে বাংলার বুকে কুখ্যাত গুণ্ডা হিসাবে পরিচিত ছিল। স্মাগলিং করত। পুলিশের জালে ধরা পড়ার আগে সে এখানে চলে আসে এক সাগরেদ-এর সাথে। এখানে এসে এই জঙ্গলে নিজের আস্তানা গড়ে তোলে। কালক্রমে এখানকার লোকদের সাথে মিশে ওদের সুখ সুবিধা দেখাশোনার ভার নেয়। এদের বিশ্বাস অর্জন করে মুখিয়া হয়ে যায়। এখানকার লোকেরা খুবই গরীব ছিল। রাঘব এইসকল গরীবদের রক্ষাকর্তা হয়ে একটা নিজের গ্যাং তৈরী করে। তারপর সেই সকল ধনীদের ঘরে ডাকাতি, ছিনতাই করে গিরিডির পাহাড়ী অঞ্চলে নিজের ঘাঁটি গড়ে। সমাজের উচ্চবর্ণের ধনীলোকেরা নিজের সুবিধার জন্য গরীবদের অত্যাচার করত। রাঘব এসে সবাইকে নিজের অধিকার নিয়ে সচেতন করে। নিজের তৈরী গ্যাং-দের সাহায্যে সেই সব ধনীলোকদের একে একে কিডন্যাপ ও হত্যা করে নিজের দাপট দেখাতে শুরু করে। এখানকার পুলিশ প্রশাসন প্রথমে ধরবার জন্য জঙ্গলে আসত। কিন্তু সুবিধা করতে পারেনি। রাঘব নিজের বুদ্ধির জোরে পুলিশদের আক্রমণ প্রতিহত করত। এমনকি বেশ কিছু পুলিশের কর্তাকেও কিডন্যাপ করে তাদের খুনও করেছিল। এই অঞ্চল ধীরে ধীরে সকলের মনে ত্রাসে পরিণত হয়। রাঘব এই অঞ্চলের মানুষদের সর্দার হয়ে যায়। পরবর্তীকালে পুলিশের সাথে মধ্যস্থতা করে এই পাহাড়ী জঙ্গলের এলাকায় নিজের স্থায়ী ঘাঁটি গঠন করে ফেলে।
তবে এদেরই মধ্যে কেউ কেউ রাঘবের বিরোধিতা করে। নিজেদের জাতের লোক সর্দার হয়নি, রাঘব এদের সর্দার হয়েছে। এদের বেশ কিছু মানুষের মনে এমনই এক হিংসার সঞ্চার হয়। তাদের মধ্যে একজন হল লন্টন চাচা। সে এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর লোক ছিল। পুলিশের সাথে মধ্যস্থতা করে সে একটা ডাকাতির সময় রাঘবকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। নিজে এখানকার সর্দার হয়ে যায়।
ঘোতনের সাথে রাঘবের বেশ ভালো সম্পর্ক ছিল। তবে দীর্ঘদিন পরে এখানে এসে রাঘবকে দেখতে না পেয়ে ঘোতন ভীষণ বিমর্ষ হয়ে পড়ে। বিট্টুর ব্যাপারে লন্টম চাচার সাথে কি কথা বলবে সেই নিয়ে ভাবতে থাকে। বিট্টুকে নিয়ে লন্টনের মনে সন্দেহ তৈরী হয়েছে, সেটা ঘোতন বেশ বুঝতে পারছে। এখানে থাকতে হলে ঘোতনকে কিছু একটা করতে হবে। রাঘব সর্দার থাকাকালীন ঘোতন যখন এসেছিল, সে রাঘবের গ্যাং-এর হয়েই বিভিন্ন অপারেশনে সাথ দিয়েছিল। কোথাও লুটপাট বা কোনও নেতাকে খুন করা এইসব কাজই করত। কিন্তু এবার লন্টনের সাথে থেকে তাকে কি এমন কাজই করতে বাধ্য করা হবে? সেই নিয়ে নানা সংশয় ঘোতনের মনে আসতে থাকে। তবে বিট্টুর সাথেই ওকে থাকতে হবে। এই জঙ্গলে থাকতে হলে ওকে এখানকার লোকদের জন্য কাজ করতে হবে।
লন্টন যথাসময়ে ঘোতনের কাছে হাজির হল,
“ক্যায়েরে ঘোতনা, হামারে সাথ অপারেশনমে যানা হোগা। গিরিডিকে এক রইজকে ঘরমে লুঠ করনা হোগা”
“সর্দার, হাম পেহেলে জ্যাসা নেহি হ্যায়। মেরা তাকত ইতনা জাদা নেহি রাহা”
ঘোতন সর্দারকে জানাল, সে এইসব লুটপাটের কাজ করবে না। সে ওদের জন্য রান্নার কাজ বা জমিতে চাষবাসের কাজ করার ইচ্ছা প্রকাশ করল। লন্টন চাচা ঘোতনের কথা শুনে বিশাল অট্টহাস্য নিয়ে বলল,
“শালা বুরবক। ইয়ে সব কাম করনে কে লিয়ে মেরা পাস আদমী অউর ঔরত হ্যায়”
ঘোতন তবুও বলল, “হাম পেহেলে জ্যাসা নেহি রাহা সর্দার”
ঘোতন বিট্টুর সুরক্ষার জন্য ওদের কাছে এসেছে। এই কথা বারবার বলতে চাইল। লন্টন চাচা চুপ করে রইল। বেশ খানিকক্ষণ চুপ থাকার পর বলল,
“ঠিক হ্যায়”
লন্টন দলের সকলকে ঘোতনের উপর নজরদারী রাখার নির্দেশ দিল।
ঘন জঙ্গলে বিট্টুকে নিয়ে ঘোতনের বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে ঘোতন দেখল ওর পাশে বিট্টু নেই। চিৎকার করে উঠল,
“বিট্টু কাঁহা হ্যায় তু?”
ঘোতন তন্ন তন্ন করে খুঁজল। কিন্তু বিট্টুকে কোথাও দেখতে পেল না। ঘোতনের কান্না পেয়ে গেল। জঙ্গলের থাকা সাথীদের বিট্টুর ব্যাপারে জিজ্ঞাসা করতে, সকলে হেসে উড়িয়ে দিল। ঘোতন ভীষণ রেগে গেল। সে এবার সরাসরি লন্টনকে জিজ্ঞেস করল,
“চাচা, মেরে বেটা কাঁহা হ্যায়?”
“ইতনা পরিশান কিউ? কুছ নেহি হোগা তেরা বিটুয়াকো”
“বিট্টুকো দেখনা হ্যায়”
“বোলা না, তেরা বিট্টু সহি সালামাত হ্যায়”
“মুঝে দেখনা হ্যায়”
লন্টন, ঘোতনের বুকে সপাটে একটা লাথি মেরে বলল,
“জাদা চিল্লাইগী তো, জানসে মারদুঙ্গা”
ঘোতন কাঁদতে লাগল। সে লন্টনের পা ধরে বলল,
“মেরা বেটাকো মেরে হাভালে কর দো”
বিট্টু কোথা থেকে সাড়া দিল, “ঘোতনকাকা, আমি এখানে। কি হয়েছে তোমার? কাঁদছ কেন?”
ঘোতন বিট্টুর কাছে ছুটে চলে গেল। ওকে জড়িয়ে ধরে বলল, “কোথায় গিয়েছিলিস তুই?”
“আমি আজ রাইফেল ধরলাম। ওখানে আমার মত আরও অনেক বাচ্চা আছে। কিভাবে রাইফেল চালাতে হয়? সবাইকে শেখাচ্ছে। বেশ মজার। আমার খুব ভালো লাগছে। আমি রাইফেল চালানো শিখব”
ঘোতন বিট্টুর কথা শুনে বলল,
“একথা একদম মুখে আনবি না সোনা। তুই আমার ভালো ছেলে। এইসব রাইফেল ধরা তোর কর্ম নয়। এখানে আমরা কিছুদিন থাকার জন্য এসেছি। এদের সাথে থাকলে তুই অমানুষ হয়ে যাবি বিট্টুসোনা”
“কেন? আমিও রাইফেল ধরে গুলি করব। যেমন বেলুন ফাটিয়েছিলাম”
“সেই রাইফেল আর এই রাইফেল এক নয় বিট্টু। এই রাইফেল দিয়ে মানুষ মারা হয়। আমি সর্দারকে বারণ করব”
ঘোতন সরাসরি লন্টনকে বলল,
“দেখো, চাচা। মেরা বেটা এইসা কাম নেহি করেগা। হাম কো ইহাসে জানে দো”
“ইহাসে জানে কে বারে মে সোচনা মত ঘোতনা”
----------------------------
বিট্টু এদের ট্র্যাপে … কি করবে ঘোতন? পড়ুন পরের ৩০তম পর্বে…
0 Comments.