- 19
- 0
কাগজের নৌকো
ঋকের বাবা তাকে কাগজ দিয়ে নৌকো বানানো শিখিয়েছে। সেই থেকে সে মাঝে মাঝেই বানিয়ে যাচ্ছে কাগজের নৌকো।
আমাকেও শিখিয়ে দে না ।বলল তার এক বছরের বড় দিদি, দিয়া।
দেবো, কিন্ত তুই সব কথা মাকে গিয়ে বলবি না, বল।
আচ্ছা, বলবো না। এবারে শেখা।
ঠিক আছে।
এরপর দুজনে মিলে নৌকো বানাতে লাগল।
ওঃ, এই এক হয়েছে। দুজনে মিলে এক কাঁড়ি নৌকো তৈরি করে যাচ্ছে। মা বলে উঠলো।
ভালোই তো। হাসিমুখে বলল বাবা।
দিয়া পড়ে ক্লাস ফোরে, আর ঋক, ক্লাস থ্রি তে। দুজনেই বেশ প্রাণবন্ত। যদিও মাঝে মাঝেই বকুনি খায় মার কাছে।
পড়াশোনায় তারা বেশ ভালো। তাদের বাড়ি মানিকতলায়। বিশাল বাড়ি। বাবারা তিন ভাই। প্রত্যেকেরই দুজন করে সন্তান।
আগে সবাই বেশ মিলেমিশেই থাকতো। কিন্ত এখন সবার সঙ্গে সবার ঝামেলা । ছোটদেরকেও বড়রা একসঙ্গে খেলতে, কথা বলতে দেয় না। তাই তাদের মনে দুঃখ।
এ বছর ভীষণ গরম পড়েছে। এইবারে বৃষ্টি হবে বলেছে আবহাওয়ার পূর্বাভাসে। সবাই ভাবছে, বৃষ্টি হলে একটু স্বস্তি পাওয়া যায়।
ঋক আর দিয়া ছাদে উঠেছে। অনেক বড় ছাদ ওদের। হঠাৎই আকাশ কালো করে বৃষ্টি নেমে এলো। ভাইবোন বৃষ্টি দেখতে লাগল ছাউনির তলায় দাঁড়িয়ে। কখন অন্য বাচ্চারাও চলে এসেছে সেখানে । সবাই বৃষ্টি দেখছে আর কথা বলছে নিজেদের মধ্যে , সবকিছু ভুলে গিয়ে।
ঋক একফাঁকে নিচে গিয়ে কাগজ নিয়ে এসেছে।
আয়, কাগজের নৌকো বানাই। ঋক বলল দিদিকে।
এদিকে ছাদে জল জমে গেছে, ড্রেন বুজে গিয়ে। ওরা সবাই কাগজের নৌকো ভাসাতে লাগল সেই জলে। তাদের সঙ্গে অন্য বাচ্চারাও। খুব মজা পাচ্ছে সবাই।
বড়রাও চলে এসেছে ওপরে। সব ঝগড়া ভুলে গিয়ে সবাই আনন্দে মেতে উঠেছে ।
ঋকরা কাগজের নৌকো ভাসালো, তাই তো সবার মধ্যে আবার মিলমিশ হল। বলল বাবা।
ভাগ্যিস তুমি কাগজের নৌকো বানানো শিখিয়েছিলে। মা বলে উঠলো।
0 Comments.